বেলা যত বাড়ছে রাজধানীর মেট্রোরেল স্টেশনগুলোতে সাধারণ যাত্রীদের সারি ততো দীর্ঘ হচ্ছে। সূর্যোদয়ের পর থেকেই শুরু হয়েছে মেট্রোরেলে টিকিট কাটার লাইন। ঢাকায় প্রথম মেট্রোরেলের অভিজ্ঞতা নিতে আগে এসেই লাইনে দাঁড়িয়েছেন হাজারো মানুষ। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে যাত্রীর লাইনও দীর্ঘ হতে দেখা গেছে।
দেড় মাস বয়সী কন্যা সন্তানকে নিয়ে রাজধানীর মিরপুর থেকে মেট্রোরেলে ভ্রমণের জন্য আগারগাঁও এসেছেন মা শাহনাজ পারভীন। প্রফুল্লচিত্তে তিনি বলেন, আধা ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি, মেট্রোরেলে মেয়েকে নিয়ে ওঠার স্মৃতি ধরে রাখতেই আসা।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টার পরও দেখা যায়, আগারগাঁও মেট্রোরেল স্টেশন থেকে পাসপোর্ট অফিস পর্যন্ত যাত্রীদের দীর্ঘলাইন। সে সময় শাহনাজের অবস্থান পাসপোর্ট অফিসের সামনে।
তিনি বলেন, গতকাল প্রধানমন্ত্রী মেট্রোরেল উদ্বোধন করেছেন। বাচ্চাকে নিয়ে প্রথম মেট্রোরেল ভ্রমণ করবো সেই ভাবনা থেকেই আজকে খুব ভোরে আসা।
শাহনাজের মতো সপরিবারে মেট্রোরেলে চড়তে এসেছেন আব্দুল্লাহ আল মামুন। তিনি থাকেন সাভারে। তিনি বলেন, খুব ভোরে ঢাকায় আসি। এসে দেখি দীর্ঘলাইন। তবে লাইন বেশি বড় হলেও যত সময়ই লাগুক না কেন মেট্রোরেলে চড়বোই।
ডিএমটিসিএলের ঘোষণা অনুযায়ী, আজ সকাল থেকে সাধারণ মানুষের জন্য মেট্রোরেলের যাত্রা শুরু হয়েছে। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দিনে ৪ ঘণ্টা চলবে। সর্বোচ্চ ২০০ যাত্রী নিয়ে চলবে মেট্রোরেল। পরে চলাচল ও যাত্রী বাড়ানো হবে। সাধারণ যাত্রায় উত্তরা থেকে আগারগাঁও যেতে মেট্রোরেলে সময় লাগছে ১০ মিনিট ১০ সেকেন্ড।





