অপেক্ষার প্রহর ঘুচিয়ে ঘটা করেই আগামীকাল উদ্বোধন হতে চলেছে দেশের প্রথম বিদ্যুৎচালিত মেট্রোরেল প্রকল্পের। আনুষ্ঠানিক উদ্বোধনের পর প্রথম যাত্রী হিসেবে উত্তরা স্টেশন থেকে টিকিট কেটে আগারগাঁও স্টেশন অবধি মেট্রোরেল ভ্রমণ উপভোগ করবেন সরকারপ্রধান।
তবে পৌনে ১২ কিলোমিটারের এই মেট্রোযাত্রা শুরুর আগে গার্ড যেমন পতাকা নেড়ে ট্রেন চলার সবুজ সংকেত দেন, তেমনি প্রধানমন্ত্রী উদ্বোধনের পর পতাকা দুলিয়ে দেশের প্রথম মেট্রোরেলকে চলার সংকেত দেবেন। এরপরই প্রথম যাত্রী হিসেবে তাঁকে নিয়ে আগারগাঁওয়ের উদ্দেশে ছুটবে মেট্রোরেল।
বুধবার (২৮ ডিসেম্বর) আনুষ্ঠানিক উদ্বোধন হলেও সাধারণ যাত্রীরা মেট্রোরেলে চড়তে পারবেন পরদিন (বৃহস্পতিবার) থেকে। এরই ধারাবাহিকতায় ইতোমধ্যেই মেট্রোরেল পরিচালনা কর্তৃপক্ষ ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট লিমিটেডের (ডিএমটিসিএল) পক্ষ থেকে মেট্রোরেল ভ্রমণের ক্ষেত্রে যাত্রীদের জন্য বেশকিছু নির্দেশনা ও বিধিনিষেধও জারি করা হয়েছে।
এছাড়া মেট্রোরেলে যাত্রী যে দূরত্বের জন্য টিকিট কাটবেন, তার চেয়ে বেশি পথ গেলে রয়েছে শাস্তির বিধানও। টিকিটে নির্ধারিত দূরত্বের চেয়ে বেশি পথ গেলে যাত্রীকে জরিমানা গুণতে হবে, নয়তো জেল খাটতে হবে।
মেট্রোরেল আইন ২০১৫-তে বলা আছে, অনুমোদিত দূরত্বের বেশি মেট্রোরেলে ভ্রমণ করলে বা ভাড়া এড়ানোর উদ্দেশ্যে অন্য কোনো কৌশল অবলম্বন করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে।
এ জন্য মেট্রোরেলের যাতায়াতের ভাড়ার ১০ (দশ) গুণ পর্যন্ত অর্থদণ্ড এবং তা অনাদায়ের ক্ষেত্রে অনধিক ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
মেট্রোরেল ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে ছুটতে সক্ষম। আপাতত যে অংশ চালু হচ্ছে-উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের স্টেশন হবে নয়টি। এতে ভাড়া পড়বে প্রতি কিলোমিটার ৫ টাকা, সর্বনিম্ন ২০ টাকা। প্রথম ধাপে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১১ দশমিক ৭৩ কিলোমিটারে মেট্রোরেল সময় নেবে ২০ মিনিট। পূর্ণমাত্রায় চালু হলে এই সময় কমে আসবে ১৬-১৭ মিনিটে।
শুরুতে উত্তরা ও আগারগাঁও স্টেশন থেকে টিকিট (কার্ড) কাটা যাবে। এই পথের ভাড়া ৬০ টাকা। প্রথম দিকে স্টেশনে দুই ধরনের কার্ড পাওয়া যাবে। স্থায়ী ও এক যাত্রার (সিঙ্গেল জার্নি) কার্ড।
শুরুতে মেট্রোরেল স্টেশন থেকেই এই কার্ড কিনতে হবে। পরে পর্যায়ক্রমে স্টেশনের বাইরে কার্ড বিক্রির জন্য কিছু প্রতিষ্ঠান নিয়োগের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।
১০ বছর মেয়াদি স্থায়ী কার্ড কিনতে হবে ২০০ টাকা দিয়ে। এই কার্ড দিয়ে যাতায়াতের জন্য প্রয়োজনমতো টাকা রিচার্জ করা যাবে।
