ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। অভিনয় ছাড়াও রাজনীতির প্রতি আগ্রহী তিনি। সম্প্রতি নিজেকে রাজনীতির মাঠে সক্রিয় করেছেন মাহি। বিশেষ করে গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ের পর মাহিকে আওয়ামী লীগের রাজনীতিতে বেশ সক্রিয় দেখা যায়।
এবার জানা গেছে, তিনি এমপি নির্বাচন করতে যাচ্ছেন। ‘চাঁপাইনবাবগঞ্জ-২’ আসনে আসন্ন উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন সংগ্রহ করবেন মাহি।
নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা নিয়ে গঠিত চাঁপাইনবাবগঞ্জ -২ আসনে বিএনপি দলীয় সংসদ সদস্য আমিনুল ইসলাম পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। এরই মধ্যে এ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী বছরের ১ ফেব্রুয়ারি এখানে ভোট।
উপনির্বাচন ঘিরে আওয়ামী লীগের নেতারা দলীয় মনোনয়ন পেতে জোর তদবিরে ব্যস্ত। এই সময়ে হঠাৎ করেই হাজির হয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।
চাঁপাইনবাবগঞ্জে রহনপুরে বিকালে গণসংযোগের সময় মাহি বলেন, ‘এ উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ফরম সংগ্রহ করবো। বৃহস্পতিবার ফরম নেবো।’
এ সময় তিনি ভোটারদের কাছে দোয়া ও সমর্থন চান।
