Home খেলাধুলা বডিবিল্ডার জাহিদ ইস্যুতে তদন্ত কমিটি করল ক্রীড়া মন্ত্রণালয়

বডিবিল্ডার জাহিদ ইস্যুতে তদন্ত কমিটি করল ক্রীড়া মন্ত্রণালয়

0
235

জাতীয় ক্রীড়া পরিষদে আজ মঙ্গলবার ছিল বঙ্গমাতা ও বঙ্গবন্ধু কাপ টুর্নামেন্টের ফাইনাল পূর্ব সংবাদ সম্মেলন। সেই সংবাদ সম্মেলনেও উঠে এসেছে বডিবিল্ডার জাহিদ হাসানের লাথি দেয়ার প্রসঙ্গ।

সামাজিক মাধ্যমে বিষয়টি অত্যন্ত আলোচিত। মূল সারির গণমাধ্যমেও উঠে এসেছে বিষয়টি। যে কারণে বিষয়টি নজরে এসেছে যুব ও ক্রীড়ামন্ত্রী জাহিদ আহসান রাসেলেরও। বডিবিল্ডার জাহিদ হাসানের লাথি ইস্যুতে মন্ত্রণালয়ের তদন্ত কমিটির কথা বলেছেন, ‘এটি এখন অত্যন্ত আলোচিত বিষয়। আমরা বিষয়টি জেনেছি এবং একটি তদন্ত কমিটি করেছি।’

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দুই জন কর্মকর্তা এই তদন্ত কমিটির সদস্য। তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে সকল পক্ষের সঙ্গে আলোচনা করে রিপোর্ট দিতে বলা হয়েছে বলে জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন।

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে স্বজনপ্রীতি ও ফলাফলে পক্ষপাতের অভিযোগ নতুন কিছু নয়। তারকা ক্রিকেটার সাকিব আল হাসান একবার স্ট্যাম্প ভেঙেছিলেন আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে। আশির দশকে কিংবদন্তি ফুটবলার এনায়েতুর রহমান খান রেফারিকে লাথিও দিয়েছিলেন। যুগে যুগে এ রকম বিদ্রোহী ক্রীড়াবিদ দেখা যায়।

জাহিদের এই ঘটনা কিছুটা সজাগ করেছে ক্রীড়া মন্ত্রণালয়কে, ‘আমরা অন্য সকল ফেডারেশনকেও নজরদারিতে রাখব। সেখানে সঠিকভাবে ফলাফল দেয়া হচ্ছে কি না।’

এদিকে আজীবন নিষিদ্ধ হলেও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন জাহিদ। তার দাবি, ক্ষমার চাওয়ার কোনো কারণ নেই।

গণমাধ্যমে তিনি বলেন, ক্ষমা চাওয়া তো দূরের কথা। তারা আমাকে কী ব্যান করবে, আমি এই ফেডারেশনকে বয়কট করছি।

উল্লেখ্য, জাতীয় শরীর গঠন প্রতিযোগিতার পুরস্কারে লাথি দিয়ে বেশ আলোচনা-সমালোচনার জন্ম দেন বডিবিল্ডার জাহিদ হাসান শুভ। তার পুরস্কারে লাথি মারার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাইরাল হয়।

শুক্রবার (২৩ ডিসেম্বর) রাতে জাতীয় ক্রীড়া পরিষদের শেখ কামাল মিলনায়তনে বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশনের প্রতিযোগিতায় ১১ সদস্যের বিচারক প্যানেলের ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী রূপা জেতেন জাহিদ। তবে বিচারকদের রায়ে সন্তুষ্ট ছিলেন না তিনি।

আর মঞ্চেই সেই ক্ষোভ প্রকাশ করে ফেলেন এই বডি বিল্ডার। মঞ্চ থেকে নেমেই পুরস্কারে লাথি মেরে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ঝড় শুরু হয়। পরে জরুরি সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাহিদকে আজীবন বহিষ্কার করার সিদ্ধান্তের কথা জানায় বাংলাদেশ শরীর গঠন ফেডারেশন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here