সময়ই বলে দেবে কোনটা সত্য আর কোনটা গুঞ্জন: অপু বিশ্বাস

অপু বিশ্বাস ও শাকিব খানের জুটি এ দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে একসময় কাঙ্ক্ষিত জুটি ছিল, দর্শকদের মনের খোরাক জুগিয়েছেন, দিয়েছেন অজস্র হিট সিনেমা। এই ‘অভিনয়’ তাঁদেরকে খুব কাছাকাছি নিয়ে আসে, অভিনয় থেকে বেরিয়ে বাস্তব জীবনেও ঘর বাঁধেন। তবে সত্যিকার অর্থে ঘর বাঁধার আগেই ভেঙে গেছে।

২০১৭ সালের এপ্রিলে শবনম বুবলীর সঙ্গে শাকিব ঘরোয়া পরিবেশে একটি ছবি তোলেন। ছবিটিতে ‘ফ্যামিলি টাইম’ ক্যাপশন লিখে নিজের সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করেন বুবলী। এর পরই শাকিব খান-অপুর বিবাহ ও সন্তানের খবর প্রকাশ্যে আসে। আসে বলতে অপু বিশ্বাসই দীর্ঘদিন গোপনে থাকা বিয়ে ও সন্তানের বিষয়টি খোলাসা করেন।

ভক্তরা শাকিব-অপুর বিয়ের আলোকোজ্জ্বল পর্ব দেখার আগেই দেখেছে একটি বিচ্ছেদ। ২০১৮ সালের মার্চে ১২ মার্চ শাকিব খান ও অপু বিশ্বাসের বিবাহবিচ্ছেদ কার্যকর হয়। এরপর দুজনের পথ বেঁকে যায়। দুজনই নতুন করে নিজেদের দিকে মনোযোগী হন।

চলচ্চিত্রে শাকিবের নিয়মিত জুটি হন বুবলী। ফলে বুবলীর সঙ্গে শাকিবের সম্পর্কের বিষয়টি জোরালো হয়। বেশ কয়েকটি সিনেমা জুটি বেঁধে করেন তাঁরা। এরপর ২০২০ সালের ফেব্রুয়ারিতে আকস্মিকভাবে উধাও হন বুবলী। তবে কিছুদিন আগে বুবলী জানান তিনি সন্তানের মা হয়েছেন। যার পিতা শাকিব খান। বিষয়টি স্বীকার করেছেন শাকিব নিজেও। তবে তাদের মধ্যে এখন সম্পর্ক নেই বলে জানিয়েছেন শাকিব।

এদিকে গুঞ্জন উঠেছে শাকিব খানের সঙ্গে ফের গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন অপু বিশ্বাস। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন নায়িকা।

তিনি বলেন, দেখুন, বিষয়টি আমার একান্তই ব্যক্তিগত। তাই সব ব্যক্তিগত ব্যাপার নিয়ে সব জায়গায় মুখ খোলা যায় না। এ বিষয় নিয়ে এখনই কোনো কথা বলতে চাই না। সময়ই বলে দেবে কোনটা সত্য আর কোনটা গুঞ্জন।

তাহলে বলা যায় যে, যা রটে তার কিছু বটে? অপু বলেন, না, এমনটি ভাবার কোনো সুযোগ নেই। এ বিষয়টি নিয়ে আর কোনো কথা না এগোলেই ভালো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *