সারা দেশে পৌষের শীতের প্রভাব পড়তে শুরু করেছে ইতিমধ্যে। মধ্য ডিসেম্বরের পর থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আছে। মাসের শেষে দেশের উত্তরভাগ ও পশ্চিমভাগে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, ডিসেম্বরের ২৯ ও ৩০ তারিখে দেশের উত্তরাঞ্চলে ও পশ্চিমভাগে তাপমাত্রা ১০ এর কাছাকাছি থাকবে।
যদিও এই মাসে শুক্রবার সকাল পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। রাজশাহীর বদলগাছী উপজেলায় তাপমাত্রা ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের এক মাস মেয়াদি পূর্বাভাসে বলা হয়, মধ্য ডিসেম্বরের পরে মাঝারি শৈত্যপ্রবাহ অনুভূত হতে পারে।
শাহীনুল ইসলাম বলেন, ‘বিচ্ছিন্নভাবে দেশের অনেক অঞ্চলেই তাপমাত্রা নিচে নেমে এসেছে। কাল তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। তবে সেটা বদলগাছীতে নয়। এর এক থেকে দুই দিন পর তাপমাত্রা একটু বাড়বে। ২৮ তারিখের পরে গিয়ে আবার একটু কমতে পারে। যার ফলে ২৯ ও ৩০ ডিসেম্বর একটা মাঝারি শৈত্যপ্রবাহ দেখা দেবে।’
পৌষের শীত শুরু হলেও দেশের অনেক অঞ্চলেই তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যেই ওঠানামা করছে। শুক্রবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
মধ্য ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত রাজধানীতে তাপমাত্রা কমতে থাকে। শীতের অনুভূতি শুরু হয়। সেই সঙ্গে থাকে হালকা কুয়াশা। শুক্রবার রাজধানী ঢাকায় সর্বোনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী বিভাগের বদলগাছী ছাড়াও রাজশাহী ও ঈশ্বরদীতে তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি এর ঘরে। এছাড়া চুয়াডাঙ্গাতেও তাপমাত্রা চিল ১০ এর ঘরে।
