এ বছরের সেপ্টেম্বর মাসে মুক্তি পাওয়ার কথা ছিল সৈকত নাসির পরিচালিত চলচ্চিত্র ‘বর্ডার’। এ উপলক্ষে গত আগস্ট মাসে সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছিল ছবিটি। কিন্তু সেন্সর বোর্ড আপত্তি তুলে সেন্সর দেওয়া থেকে বিরত রাখে। ফলে আটকে যায় ছবিটির মুক্তি। এরপর সেন্সর বোর্ডের দেওয়া সংশোধনীগুলো ঠিক করে গত অক্টোবরে ছবিটি আবারও জমা দেওয়া হয় সেন্সর বোর্ডে। শুধু তাই নয়, এবার ছবিটির নামও পরিবর্তন করা হয়। রাখা হয় সুলতানপুর।
কয়েক মাসের অপেক্ষার পর এবার আনকাট সেন্সর পেল ‘সুলতানপুর’। সম্প্রতি সেন্সর বোর্ডের সনদ হাতে পেয়েছেন পরিচালক। সিনেমাটিতে অভিনয় করেছেন নতুন প্রজন্মের চলচ্চিত্র নায়িকা অধরা খান। এটি জানুয়ারি মাসে মুক্তি পাবে।
নতুন সিনেমা মুক্তি এবং অনন্য বিষয় নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন অধরা খান। তিনি বলেন, নতুন সিনেমা সেন্সর পেয়েছে। ভীষণ ভালো লাগা কাজ করছে। প্রতিটি নতুন সিনেমা আমার কাছে নতুন একটি জীবনের মতো।
সুলতানপুরে আপনাকে কীভাবে দেখবেন দর্শকরা? অধরা খান বলেন, এই সিনেমায় আমি অভিনয় করেছি সামিয়া চরিত্রে। বর্ডার এলাকার সন্তান আমি। আমার বাবা একজন সৎ মানুষ। বর্ডার কেন্দ্রিক কোনো নেতিবাচক কিছু হলে বন্ধুদের নিয়ে তা মোকাবিলা করার চেষ্টা করি। অভিনয় করার সুযোগ ছিল এই চরিত্রে।
নতুন প্রজন্মের নায়িকা আপনি, শোবিজ মানেই গুজব গুঞ্জন থাকেই, এগুলো কীভাবে দেখেন? অধরা খান বলেন, শুরুতে খারাপ লাগতো। এখন লাগে না। শোবিজে গুজব গুঞ্জন থাকবেই। তার ভেতর দিয়েই কাজ করে যেতে হবে। দিন শেষে কাজটিই টিকে থাকে। সেজন্য কাজ নিয়ে থাকতে চাই। এখন এসবকে ইতিবাচকভাবে নিতে পারি।
চলচ্চিত্র জগতকে কী মনে হয়?, জানতে চাইলে তিনি বলেন, চলচ্চিত্র জগতকে আমি পরিবার মনে করি। পরিবারকে যে চোখে দেখি এই জগতকেও সেভাবেই আপন ভাবি। আপন না ভাবলে কাজ করা কঠিন। কাজেই সিনেমা জগতটা আমার কাছে সবসময় পরিবারের মতো।
