এবার নতুন মিশনে নামছেন তাসনিয়া ফারিণ

বর্তমান সময়ের একজন মেধাবী ও দর্শকপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এ সময়ে যে কজন অভিনেত্রী চরিত্রের সঙ্গে মিশতে পারে, গল্পের চরিত্রকে দর্শকের কাছাকাছি নিয়ে যেতে পারে, তাদের অন্যতম ফারিণ।

সম্প্রতি দেশের গণ্ডি পেরিয়ে পা রেখেছেন টালিউডেও। কদিন পরই পশ্চিমবঙ্গের নির্মাতা অতনু ঘোষের ‘আরো এক পৃথিবী’ দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে তার।

এদিকে নতুন খবর— নির্মাতা রুবেল হাসানের পরিচালনায় ‘নিকষ’ নামে নতুন একটি ওয়েব ফিল্মে কাজ শুরু করতে যাচ্ছেন ফারিণ। এতে তাকে দেখা যাবে বড় বোন ‘সুলতানা’র চরিত্রে। চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন। ওটিটি প্ল্যাটফর্ম ‌‘দীপ্ত প্লে’-তে প্রচার হবে ওয়েব ফিল্মটি। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক।

‘নিকষ’ ওয়েব ফিল্মের গল্পটি এমন—দুই বোন, এক ভাই। মা-বাবা মারা যাওয়ার পর থেকে তারা মামা-মামির সঙ্গে থাকেন। ছোট বোনের উঠতি বয়স। টিকটক করে, স্কুল ড্রেস পরে বাসা থেকে বের হয়ে আড্ডা দেয় সিসা বারে। পরিকল্পনা করে ভারতে গিয়ে টিকটক ভিডিও বানাবে। বাসায় না জানিয়েই বান্দরবানে ঘুরতে যাচ্ছে—এমন চিরকুট লেখে ভারতের উদ্দেশ্যে পালায়।

নির্মাতা রুবেল হাসান বলেন, ‘‘টিকটক বা লাইকি যারা করেন, তাদের আমরা খারাপ বলছি না; কিন্তু এ প্ল্যাটফর্মগুলোতে অনেকে প্রতারণার শিকার হন। প্রলোভনে পড়ে ধোঁকা খান। সেটারই গল্প হলো—‘নিকষ’।’’

তিনি জানান, সুলতানার ছোট বোনের চরিত্রটিতে কে অভিনয় করছেন তা এখনো চূড়ান্ত নয়। তবে নতুন মুখ থাকবে। আর ফারিণ ছাড়াও ওয়েব সিরিজটিতে অভিনয় করছেন বড়দা মিঠু, জয়রাজ প্রমুখ। আগামী সপ্তাহেই এর দৃশ্যধারণ শুরু হবে। প্রথম লটে ফারিণসহ আরও কয়েকজন অভিনয়শিল্পী এতে অংশ নেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *