এবারের বিশ্বকাপ নিয়ে সাধারণের পাশাপাশি তুমুল উন্মাদনা ছিল তারকাদের মধ্যেও। তবে এ আসরের ফুটবল নিয়ে কিছুই বলতে শোনা যায়নি ঢালিউড সুপারস্টার শাকিব খানকে। কিন্তু তার ভক্তরা চাচ্ছিল প্রিয় তারকা শাকিব খান যেকোন একটি দলের সমর্থন দেবেন। কিন্তু সমর্থন না দিয়ে উল্টো শেষ সময়ে এসে নিজেই প্রশ্ন করে বসলেন এবারের বিশ্বকাপ ফুটবল নিয়ে।
শাকিব তার ভেরিফাইড ফেসবুক পেইজে খেলা শুরুর আগে প্রশ্ন করলেন, আর্জেন্টিনা নাকি ফ্রান্স? কে জিতবে এবারের ফুটবল বিশ্বকাপ? শাকিবের সে পোস্টে ভিড় করেছেন তার অনুরাগীরা। উত্তর হিসেবে তারা জানিয়েছেন নিজেদের পছন্দের দলের নাম। তাদের অধিকাংশই শুভকামনা জানিয়েছেন আর্জেন্টিনাকে।
তবে সবকিছুকে ছাপিয়ে দিয়ে এ প্রশ্নের জবাব এলো আর্জেন্টিনা। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে গিয়ে সমতায় আনেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স।
দুই দলই গোলের সংখ্যা সমান থাকায় পুনরায় আরও ত্রিশ মিনিট খেলা শেষ করেন ৩-৩ গোলে এবং শেষ পর্যন্ত টাইব্রেকারে গোলকিপার মার্টিনেজের চমকে এক সুন্দর জয় দিয়ে শেষ করে নায়ক শাকিবের প্রশ্নের জবাব দেয় দলটি।
খেলা শেষে বিজয়ী দলের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করে শাকিব খান লিখেছেন, ‘এটি নিশ্চিতভাবে খুবই উত্তেজনাপূর্ণ খেলা। অভিনন্দন আর্জেন্টিনা।’
শাকিব খান মূলত কোন দলের সমর্থক—সেটা অবশ্য অজানা থেকে গেছে। তিনি নিজেও এটা প্রকাশ করেননি। বিভিন্ন সাক্ষাৎকারে এ নিয়ে প্রশ্ন করা হলেও কৌশলে এড়িয়ে গেছেন।
যদিও এক টেলিভিশন অনুষ্ঠানে তার প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস ইঙ্গিত দিয়ে বুঝিয়েছেন, আর্জেন্টিনার সমর্থক ঢালিউড ভাইজান। আর সেটাই যদি সত্যি হয়, তাহলে প্রিয় দলের জয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত তিনি।
