টানটান উত্তেজনায় শেষ হয়েছে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ। শেষ পর্যন্ত বিশ্বকাপ উঠেছে আর্জেন্টিনার হাতে। হয়েছে মেসির স্বপ্নপূরণ। বিশ্বের লাখ লাখ ফুটবলপ্রেমী আর্জেন্টিনার এই জয়ে উচ্ছ্বসিত। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা ফুটবলের রাজপুত্র মেসিকে জানাচ্ছে শুভেচ্ছা।
আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত ব্রাজিলের সমর্থকরাও চাইছিলেন মেসিই আস্বাদন করুন বিজয়ের স্বাদ। প্রত্যাশা পূরণ হওয়ায় আনন্দে ভাসছিলেন তারাও। এদিকে মেসিকে ব্রাজিল সমর্থক ওমর সানী অভিনন্দন জানালেও ব্রাজিলকে বললেন বিশ্বসেরা।
আর্জেন্টিনার জয়ের পর সানী নিজের ফেসবুকে মেসির ছবির সঙ্গে দিয়েছেন তার ও মৌসুমীর ছবি। ব্রাজিলের জার্সি পরিহিত ছিলেন তারা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘অভিনন্দন মেসি, ব্রাজিল বিশ্বসেরা।’
অনেকেই ওমর সানীকে প্রশ্ন করেছেন, কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়া ব্রাজিল কীভাবে সেরা? উত্তরে তাদের কড়া কথা শুনিয়েছেন এ নায়ক। একজনকে লিখেছেন, ‘চুপ থাক।’ অন্য একজনকে লিখেছেন, ‘কথার অর্থ বোঝে না খালি পাকনামি।’
ব্রাজিল ফুটবল দলের কট্টর সমর্থক ওমর সানী। স্ত্রী মৌসুমীও রয়েছেন তার সঙ্গে। বিশ্বকাপ শুরুর দিন থেকেই উন্মাদনায় মেতে আছেন তারা। প্রিয় দলের খেলার সময় নেট মাধ্যমে হলুদ জার্সি গায়ে জড়িয়ে তোলা ছবি প্রকাশ করেছেন।
