প্রায় ৪৩৪ কোটি টাকা নিয়ে বাড়ি ফিরছেন মেসিরা

কাতার বিশ্বকাপের শিরোপা উঠেছে লিওনেল মেসির হাতে। আর্জেন্টিনা পেয়েছে ৩৬ বছর পর বিশ্বকাপ ট্রফি। ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বজয়ের আনন্দে মেতেছে আর্জেন্টিনা। রুদ্ধশ্বাস এক ফাইনাল শেষে দেখা গেছে মেসির মুখে হাসি!

এর আগে কত কথা হয়েছে মেসিকে নিয়ে, বিশ্বকাপ ট্রফি না পেলে কিংবদন্তি হওয়া যায় না। কত অপমান, কত গ্লানি, কত অবহেলা সবকিছু ছাপিয়ে মেসির সাফল্যের পালকে যুক্ত হল বিশ্বকাপ ট্রফি নামক সোনার হরিণ।

এবারের কাতার বিশ্বকাপে সবচেয়ে বেশি অ্যাসিস্ট করে দলকে জেতানোর অনন্য রেকর্ড গড়েছেন মেসি। এছাড়া বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে দু’বার সোনার বল পাওয়ার রেকর্ডও নিজে করে ফেললেন মেসি।

মেসির থেকে এক গোল বেশি (৮) করে বুট জিতে নিয়েছেন ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপে। এছাড়া আর্জেন্টিনার বারের নিচে প্রাচীর হয়ে দাঁড়িয়ে বারবার গোল ফিরিয়ে দিয়ে বাজপাখি খেতাব পেয়ে এমিলিয়ানো মার্টিনেজের হাতে উঠল সোনার গ্লাভস।

এদিকে বিশ্বকাপ ঘরে তোলার সঙ্গে সঙ্গে ফিফার কাছ থেকে আর্জেন্টিনা পেয়েছে ৪ কোটি ২০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৩৪ কোটি টাকা। শিরোপাজয়ী দল হিসেবে রেকর্ড সংখ্যক প্রাইজমানি নিয়ে ঘরে ফিরছে আকাশী নীলরা।

এবারের রানার আপ ফ্রান্স প্রাইজমানি হিসেবে পেয়েছে ৩ কোটি ডলার। টাকার অঙ্কে যার পরিমাণ প্রায় ৩০০ কোটি টাকা।

তৃতীয় হয়ে বিশ্বকাপ শেষ করেছে ক্রোয়েশিয়া প্রাইজমানি হিসেবে পাবে ২ কোটি ৭০ লাখ ডলার। অন্যদিকে ক্রোয়েশিয়ার সঙ্গে হেরে চতুর্থ হওয়া মরক্কো পাচ্ছে ২ কোটি ৫০ লাখ ডলার।

গেল বিশ্বকাপের চেয়ে এবারে প্রাইজমানি বাড়ানো হয়েছে প্রতি পর্বে ৬০ লাখ ডলার করে।

৫ থেকে ৮ম হওয়া প্রতিটি দল পাবে ১ কোটি ৭০ লাখ ডলার করে। এই দলগুলো হল ব্রাজিল, নেদারল্যান্ডস, পর্তুগাল ও ইংল্যান্ড।

নবম থেকে ১৬তম হওয়া প্রতিটি দল ১ কোটি ৩০ লাখ ডলার পাবে। যুক্তরাষ্ট্র, সেনেগাল, অস্ট্রেলিয়া, পোল্যান্ড, স্পেন, জাপান, সুইজারল্যান্ড ও দক্ষিণ কোরিয়ার প্রত্যেকে পাবে এ অর্থ।

এছাড়া ১৭তম থেকে ৩২তম প্রতিটি দল ৯০ লাখ ডলার প্রাইজমানি পাবে। স্বাগতিক কাতার, ইকুয়েডর, ওয়েলস, ইরান, মেক্সিকো, সৌদি আরব, ডেনমার্ক, তিউনিসিয়া, কানাডা, বেলজিয়াম, জার্মানি, কোস্টারিকা, সার্বিয়া, ক্যামেরুন, ঘানা ও উরুগুয়ে বিশ্বকাপ থেকে এ অর্থ নিয়ে ফিরেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *