অভিনেতা হিসেবে নিজেকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছেন চঞ্চল চৌধুরী। জনপ্রিয়তার মাপকাঠিতে দুই বাংলায়ই তার প্রভাব রয়েছে। অনেক আগেই ওপারের গুণী অভিনয়শিল্পীদের সঙ্গে পর্দা ভাগ করেছেন তিনি।
এবার মঞ্চ ভাগাভাগি করলেন বলিউডের মহাতারকা অমিতাভ বচ্চন ও শাহরুখ খানের সঙ্গে। পাশাপাশি কিং খানের সঙ্গে হয়েছেন সেলফি বন্দি। সেলফিটি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন অভিনেত্রী শাহনাজ খুশি।
চঞ্চলের সাফল্যে উচ্ছ্বসিত খুশি ক্যাপশনে লিখেছেন, ‘চঞ্চল বন্ধু, তুই আমাদের শাহরুখ! আমাদের আনন্দ/অহংকার। পশ্চিমবঙ্গ সরকারের আমন্ত্রণে কলকাতা ২৮তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের পক্ষে চঞ্চল চৌধুরী।’
২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উপলক্ষে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বসেছিল তারার মেলা। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, কুমার শানু, রানি মুখার্জি, অরিজিৎ সিং-সহ আরও অনেকে।
অনুষ্ঠানে বাংলাদেশ থেকে উপস্থিত ছিলেন চঞ্চল চৌধুরী। সেখানেই বলিউড বাদশার সঙ্গে দেখা হয়ে যায় চঞ্চলের। মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন ‘হাওয়া’ অভিনেতা নিজেই। তুলে ফেলেন মিলিয়ন ডলারের সেলফি।
মঞ্চের একেবারে সামনের সারিতে ভারতীয় গুণীজনদের সঙ্গেই বসেছিলেন চঞ্চল চৌধুরী। একসময় ঘোষণা আসে চঞ্চল চৌধুরীকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়ার। কলকাতার তারকা অভিনেতা আবীর চট্টোপাধ্যায় চঞ্চলকে উত্তরীয় পরিয়ে দেন। অনুষ্ঠানের এক ফাঁকে বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন, শাহরুখ খানের সাথেও কুশল বিনিময় করতে দেখা যায় চঞ্চলকে।
শাহরুখ ও চঞ্চলের এই ছবি ছড়িয়ে পড়েছে দেশের সামাজিক যোগাযোগমাধ্যমে। সবাই শুভেচ্ছা জানাচ্ছেন চঞ্চলকে। বলিউড কিং খানের সঙ্গে চঞ্চলের সেলফি দেখে আপাতত মন ভালো হয়ে গেছে তার ভক্ত-দর্শকদের।
প্রসঙ্গত, এই চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছে তিনটি সিনেমা। এরমধ্যে আছে মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ ছবিটিও। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী।
