দীঘিকে টিকটক করা বন্ধ করতে হবে, অভিনয়ে মনোযোগী হতে হবে―এমনটাই মনে করেন নির্মাতা রায়হান রাফি। সম্প্রতি চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি অভিযোগ করেছেন, রায়হান রাফি তাঁকে একটি সিনেমায় নির্বাচিত করেও পরে বাদ দিয়েছেন।
তবে দীঘির এই অভিযোগ সরাসরি নাকচ করেছেন নির্মাতা রায়হান রাফি। তিনি একটি বলেছেন, ‘দীঘি নিজেই আমার সঙ্গে কথা বলে অভিনয় করার আগ্রহ প্রকাশ করেছে। এ নিয়ে আমার সঙ্গে কথা বলেছে, আমার অফিসে এসেছে। এর মানে এই নয় যে তাকে চূড়ান্ত করা হয়েছে।’
এ সময় দীঘিকে পরামর্শ দিয়ে রাফি বলেন, ‘তার উচিত টিকটক বাদ দিয়ে অভিনয়ে মনোযোগী হওয়া। ফিটনেসের দিকে মনোযোগী হওয়া। সে শুধু আমার সিনেমা থেকে বাদ হয়েছে এমনটা না, অন্যরা কেন তাকে সিনেমা থেকে বাদ দিল? নিশ্চয়ই তার ঘাটতি আছে।’
রাফির এই পরামর্শ কীভাবে নিচ্ছেন— সংবাদমাধ্যমকে দীঘি বলেন, ‘প্রথমত স্ট্যাটাসে আমি কারও নাম উল্লেখ করিনি। সে যদি নিজের গায়ে নিয়ে থাকে তাহলে বলব, আমরা যখন কোনো অন্যায় করি তখন গিলটি ফিল করি। তার ভিতরেও হয়তো তেমনটা হচ্ছে।’
এ সময় রাফির বিরুদ্ধে অভিযোগ এনে দীঘি বলেন, “রাফি এর আগেও আমার সঙ্গে এমন করেছে। ‘সুড়ঙ্গ’ দিয়েই তার সঙ্গে আমার প্রথম না, আরও দুই-তিনটা প্রজেক্টে সে আমাকে আশা দিয়ে আশাহত করেছে। একটা ওটিটি প্রজেক্ট নিয়েও সে আমার সঙ্গে এরকম ব্যবহার করেছে।”
এরপর ‘সুড়ঙ্গে’ অভিনয়ের ব্যাপারে দীঘি বলেন, “অনেক দিন আগে রাফি ভাইয়ার সঙ্গে আমার দেখা হলে তার সঙ্গে কাজের আগ্রহ প্রকাশ করেছিলাম। কেননা মেধাবী নির্মাতার সঙ্গে কাজের আগ্রহ দেখানো স্বাভাবিক। পরে তিনিই ‘সুড়ঙ্গ’ সিনেমাটির জন্য আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। জানিয়েছিলেন, নিশো ভাইয়ের বিপরীতে এ ছবিতে আমাকে কাস্ট করা হবে। পরে ছবিটির ব্যাপারে দুইবার তার অফিসে এবং একাধিকবার বিষয়টি নিয়ে মুঠোফোনে কথা হয় আমাদের।”
এ সময় টিকটক প্রসঙ্গে দীঘি বলেন, “টিকটকের ব্যপারে তার যদি এতই আপত্তি, সে আমাকে যখন ‘সুড়ঙ্গে’র জন্য ডাকে তখনও তো আমি টকটক করতাম। এটা যদি ইস্যু হতো আমার মনে হয় না সে আমাকে তার অফিস পর্যন্ত আমাকে ডাকত।”
দীঘিকে টিকটক বন্ধের পরামর্শ দিয়েছেন রাফি। অথচ তিনি নিজেও টিকটক করেন উল্লেখ করে এ নায়িকা বলেন, ‘কয়েকদিন আগে দেখলাম রাফি ভাইয়া নিজেও টিকটক করেছে। তার দুইটা টিকটক ভিডিও একজন নায়িকার টিকটক আইডিতে আছে। আর টিকটকে যদি তার এতই সমস্যা থাকত তাহলে টিকটক করে না এমন নায়িকা খুঁজে নিত সে। নাটক, সিনেমা, বিজ্ঞাপন থেকে শুরু করে দেশে এমন কোনো নায়িকা এখন নেই যে টিকটক করেন না। তার নায়িকাদের মধ্যেও অনেকে টিকটক করে। আমাকে পরামর্শ দেওয়ার আগে বড় আয়োজন করে তাদের পরামর্শ দেওয়া উচিত তার।’
আরও পড়ুন-
