দুই মেয়েকে নিয়ে চার মাস পর দেশে ফিরলেন নাঈম–শাবনাজ

বাংলাদেশি চলচ্চিত্রের অন্যতম সেরা জুটি ছিলেন নাঈম ও শাবনাজ। ছিলেন বলা হচ্ছে কারণ, বহু বছর ধরে তারা অভিনয় জগতের বাইরে। এ জগতে তাদের ফেরার আর কোনো সম্ভাবনাও নেই। বর্তমানে সম্পূর্ণ ভিন্ন এক জীবন কাটাচ্ছেন একসময়ের আলোচিত এই জুটি।

একসময় নাঈম-শাবনাজ আলোচিত ছিলেন রুপালি পর্দার জনপ্রিয় জুটি হিসেবে। সে সময় তাদের ব্যক্তিগত জীবনের রসায়ন নিয়েও চর্চা কম হয়নি। এরপর থেকে দুই যুগেরও বেশি সময় ধরে তারা আলোচনায় অভিনয় জগতের অন্যতম সুখী দম্পতি হিসেবে।

গত আগস্টে ভারতে গিয়েছেন নাঈম-শাবনাজ। এরপর কেটে যায় চার মাস। টানা এতটা সময় আগে তেমন একটা দেশের বাইরে থাকা হয়নি। দীর্ঘ চার মাস পর সম্প্রতি দেশে ফিরেছেন এই দম্পতি।

ঢাকায় ফিরে একটি সংবাদমাধ্যমকে শাবনাজ জানান, দীর্ঘদিন ধরে মানসিকভাবে শান্তি পাচ্ছিলেন না। একে তো করোনা। অন্যদিকে গত বছর মনটাও ভালো ছিল না। এর কারণ ছিল নাঈমের অসুস্থতা।

শাবনাজ বলেন, ‘গত বছর নভেম্বরে নাঈমের স্পাইনালে বাইপাস সার্জারি করা হয়, তখন থেকেই মানসিকভাবে দুশ্চিন্তায় ছিলাম। পরে ঠিকমতো নাঈমের চিকিৎসা হলো। এর পর থেকে একটু চাপমুক্ত সময় পার করতে চাচ্ছিলাম।’

করোনার কারণে দীর্ঘ দুই বছর তেমন একটা বাইরে যেতে পারেননি তাঁরা। দুই মেয়েকে নিয়ে সিদ্ধান্ত নেন ঘুরতে যাবেন। বেছে নেন পছন্দের জায়গা ভারতের আগ্রা ও জয়পুর।

‘নাঈমের বাইপাস সার্জারির পরে নাঈমকে নিয়ে কিছুটা চিন্তা ছিল। ভারতে যাওয়ার আগেই ভেবেছিলাম, নাঈমকে সেখানে পুরো চেকআপ করাব। নাঈম এই সময় চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন। তাঁর সবকিছু এখন নরমাল আছে। ডাক্তার আমাদের বলে দিয়েছেন, আপাতত নাঈমকে নিয়ে চিন্তা নেই। তাঁর সব ঠিক আছে’, বলেন শাবনাজ।

এ সময় তিনি ভক্তদের কাছে নাঈমের জন্য দোয়া চান। গত বছর শাবনাজ জানিয়েছিলেন, কিছুদিন ধরে নাঈম হার্টের সমস্যায় ভুগছিলেন। বেশ কদিন ধরেই তাঁর বুকে ব্যথাও ছিল। ধীরে ধীরে সেই ব্যথা বাড়ছিল। ব্যথা বাড়তে থাকায় দ্রুত তিনি হাসপাতালে যান। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা তাঁকে দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দেন। এর পর থেকেই তিনি সুস্থ।

শাবনাজ বলেন, ‘আমরা নাঈমের চিকিৎসার পাশাপাশি তাজমহল, জয়পুরের অনেক জায়গায় ঘুরেছি। দুই মেয়ে ছিল আমাদের সঙ্গে। করোনার পর থেকে তারাও তেমন ঘোরার সুযোগ পায়নি। তাদের নিয়ে ঘোরার ইচ্ছা ছিল অনেক দিনের, কিন্তু হয়ে উঠছিল না। সব মিলিয়ে একটু সময় নিয়ে ভারতে থেকেছি। এখানে আমাদের অনেক আত্মীয়স্বজন রয়েছে। পরে মনে হলো গ্রামটাই অনেক টানছে। গ্রামের শীতটা আমাদের ভীষণ পছন্দের।’

ভারত থেকে ফিরে এখনো ঢাকাতেই রয়েছেন। শিগগির তাঁরা আবার গ্রামে ফিরে যাবেন। কারণ গ্রামটা এখনো নাঈম–শাবনাজের অনেক পছন্দের। টাঙ্গাইলে তাঁদের জমিদারবাড়িতে ফেরার অপেক্ষায় রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *