জামায়াত আমির ডা. শফিকুর রহমান গ্রেপ্তার

জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

আজ মঙ্গলবার সকালে সিটিসিটির ইউনিট প্রধান মো. আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

শফিকুর রহমানকে রাজধানীর মিন্টু রোডে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।

এর আগে সোমবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে ডিবি পরিচয়ে পুলিশ তাকে তুলে নিয়ে যায় বলে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়।

গত ১০ ডিসেম্বর বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন জামায়াত আমির। আগামী ২৪ ডিসেম্বর থেকে তত্ত্বাবধায়ক সরকারসহ নানা দাবিতে মাঠে থাকার ঘোষণা দেয় দলটি।

রাজনৈতিক বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের বিভিন্ন মামলায় আসামির তালিকায় আছেন ডা. শফিকুর রহমান। তবে কী অভিযোগ বা কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সেটা নিশ্চিত হওয়া যায়নি।

শফিকুর রহমান জামায়াতের আমির হিসেবে শপথ নেন বছর তিনেক আগে। রাজধানীর একটি মিলনায়তনে দলের প্রধান নির্বাচন কমিশনার এ টি এম মা’ছুম তাকে শপথবাক্য পাঠ করান।

শফিকুর রহমানের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়। তিনি সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। একসময় ছাত্রশিবিরের সিলেট শহর শাখার সভাপতি ছিলেন।

এর আগে গত ৯ নভেম্বর জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে জামায়াত আমিরের ছেলে রাফাত সাদিক সাইফুল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *