ছোটপর্দার ব্যস্ততম অভিনেতা শামীম হাসান সরকার। পর্দায় যার উপস্থিতি দর্শকরা সানন্দে গ্রহণ করেন। এ প্রজন্মের মেধাবী প্রায় সব নির্মাতার সঙ্গে কাজ করছেন তিনি। তবে অভিনয়ে আসার আগে তিনি ইউটিউবিং করতেন। ম্যাংগো স্কোয়াড ইউটিউব চ্যানেল দিয়ে জনপ্রিয়তা পান৷ তারপর আসেন নাটকের অভিনয়ে।
ইউটিবার থেকে তার নাটকে আসার খবর আমরা কমবেশি সবাই জানি। তবে ইউটিউবার কীভাবে হলেন সেই খবর সম্প্রতি সংবাদমাধ্যমকে জানালেন শামীম নিজেই।
শামীম বলেছেন, ‘আমি যখন মাস্টার্স করতে মালোয়েশিয়া গেলাম তখনও ভাবতাম ইউটিউব শুধু গান আর সিনেমা দেখার জন্য। সে সময় বাংলাদেশে দুটি ইউটিউব চ্যানেল ছিল যারা নিজেকে ইউটিউবার বলত। আমি সেই দুই ছেলের সঙ্গে যোগাযোগ করলাম। সেই সঙ্গে বিদেশি ইউটিউবারদের দেখলাম। তারপর বুঝলাম ক্যামেরার সামনে কথা বলেও ইউটিউবার হওয়া যায়। আমি তখন ভাবলাম ৬০০ মানুষ যদি আমার সোশ্যাল মেসেজ দেখে সেই সঙ্গে ৬০ জন যদি সেই সোশ্যাল ম্যাসেজ পেয়ে সোসাইটিতে যদি পরিবর্তন আনে তাহলে তো ভালোই। সেই চিন্তা ভাবনা থেকেই ইউটিউবিং করা।’
শুরুর দিকে তিনি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন সেই সঙ্গে ইউটিউবের কন্টেন্ট থেকে কীভাবে টাকা পাওয়া যায় এসব কিছুই জানতেন না শামীম। পরের দিকে বুঝেছেন এ ব্যাপারটা। শামীম আরও বলেন, ‘তবে ইউটিউবিং করে যে টাকা আসে এটা খুব বেশি টাকা না। যদি কেউ ভাবে ইউটিউবিংটাকে প্রফেশন হিসেবে নেবে তাহলে সেটা ভুল হবে। এখান থেকে যে টাকা আসে সেই টাকা দিয়ে আমি আম্মু-আব্বুকে গাড়ি কিনে দিতে পারব না। তবে এ টাকা দিয়ে আমার টিমকে নিয়ে নাশতা-ভাত খাওয়া যাবে।
