সময়টা খুব ব্যস্ততার মধ্যে কাটছে মৌসুমী হামিদের। একাধিক সিনেমার শুটিংয়ের কাজ চলছে। এরমধ্যে আবার প্রেক্ষাগৃহে আছে তার অভিনীত ‘হডসনের বন্দুক’ ছবিটি। এসবের মাঝেও বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা ঠিকই ছুঁয়ে গেছে তাকে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিশ্বকাপ ফুটবল নিয়ে নিজের ভাবনা জানিয়েছেন মৌসুমী হামিদ। এ সময় জনপ্রিয় এ অভিনেত্রী বলেন, আর্জেন্টিনা তার প্রিয় দল। যার পেছনে কারণ শুধুই লিওনেল মেসি।
তিনি বলেন, ম্যারাডোনা ও মেসির জন্য আর্জেন্টিনা সাপোর্ট করি। মেসির ব্যক্তিত্ব এবং মেসি মানবিক মানুষ- সেজন্য দলটি সাপোর্ট করি। মেসির জন্য ভালোবাসা। ছোটবেলা থেকে পরিবারের সবার মুখে ম্যারাডোনার নাম শুনেছি। এভাবেই দলটির প্রতি ভালোবাসা জন্মেছে।
বর্তমানে দুটি সিনেমাতে অভিনয় করছেন মৌসুমী হামিদ। একটি সিনেমার নাম নয়া মানুষ, অপরটির নাম যাপিত জীবন। সম্প্রতি নোয়াখালীর চরাঞ্চলে নয়া মানুষের শুটিং করেছেন। যাপিত জীবন সিনেমার শুটিং চলছে রাজবাড়িতে।
নয়া মানুষ সিনেমা নিয়ে তিনি বলেন, নয়া মানুষ সিনেমার শুটিং কিছুটা বাকি আছে। আবার ডিসেম্বরে হওয়ার কথা আছে। ওটা চরাঞ্চলের গল্প। আমার চরিত্রের নাম সুজলা। নদীর এক কূল ভেঙে অন্য কূল গড়ে ওঠা এবং সেখানে ভাসতে ভাসতে চলে যায় কিছু মানুষ। তেমনই মানুষের জীবনের গল্প। এই সিনেমায় নতুন আমাকে দেখতে পাবেন দর্শকরা।
চরে শুটিংয়ে মনে রাখার মতো কোনো ঘটনা ঘটেছে? এমন প্রশ্নে বলেন, অনেক ঘটনা ঘটেছে, যা দীর্ঘ দিন মনে থাকবে। চরের মানুষের ভালোবাসার কথা কখনো ভুলতে পারব না। প্রতিদিন চরের কিছু মানুষ আমার জন্য খাবার নিয়ে আসত। আমাকে এতটা ভালোবাসা দিয়েছে যা সবসময় মনে থাকবে। ওখানকার মানুষেরা অনেক বড় হৃদয়ের। শুটিং দেখতে প্রচুর মানুষ এসেছিলেন। চলে আসার পর তাদের কথা খুব মনে পড়ছে।
