Home ফিচার এবার বাড়লো লবণের দাম

এবার বাড়লো লবণের দাম

0
163

চাল, ডাল, আটা, ময়দা, তেল, গুঁড়া দুধের পর এবার বেড়েছে লবণের দাম। সপ্তাহের ব্যবধানে লবণের দাম কেজিতে তিন টাকা পর্যন্ত বেড়েছে। লবণের পাশাপাশি নতুন করে বেড়েছে পেঁয়াজ, আলু, মসুর ডাল, ময়দা ও আটার দাম।

সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। লবণ, আলু, ডাল, আটার দাম বাড়ার বিপরীতে সপ্তাহের ব্যবধানে মোটা চাল, পাম অয়েল, রসুন, আদা, এলাচ, ব্রয়লার মুরগি এবং ডিমের দাম কমেছে বলে জানিয়েছে সরকারি এ প্রতিষ্ঠানটি।

রাজধানীর শাহজাহানপুর, মালিবাগ বাজার, কারওয়ান বাজার, বাদামতলী বাজার, সূত্রাপুর বাজার, শ্যামবাজার, কচুক্ষেত বাজার, মৌলভীবাজার, মহাখালী বাজার, উত্তরা আজমপুর বাজার, রহমতগঞ্জ বাজার, রামপুরা এবং মিরপুর-১ নম্বর বাজারের পণ্যের দামের তথ্য নিয়ে এ প্রতিবেদন তৈরি করেছে টিসিবি।

টিসিবি জানিয়েছে, এক সপ্তাহ আগে লবণের কেজি ছিল ৩৫ থেকে ৪০ টাকা। এখন দাম বেড়ে বিক্রি হচ্ছে ৩৮ থেকে ৪২ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কেজিতে লবণের দাম বেড়েছে দু-তিন টাকা। শতাংশের হিসাবে বেড়েছে ছয় দশমিক ৬৭ শতাংশ। রোববার (১১ ডিসেম্বর) এ দাম বেড়েছে।

একই দিন দাম বেড়েছে আলু ও দেশি পেঁয়াজের। আলুর দাম ২১ দশমিক ২৮ শতাংশ বেড়ে কেজি বিক্রি হচ্ছে ২২ থেকে ৩৫ টাকা, যা এক সপ্তাহ আগে ছিল ২২ থেকে ২৫ টাকা। আর দেশি পেঁয়াজের দাম পাঁচ দশমিক ৫৬ শতাংশ বেড়ে কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা, যা এক সপ্তাহ আগে ছিল ৩৫ থেকে ৫০ টাকা।

দাম বাড়ার তালিকায় থাকা ছোট দানার মসুর ডালের দাম সপ্তাহের ব্যবধানে এক দশমিক ৮৫ শতাংশ বেড়ে কেজি বিক্রি হচ্ছে ১৩৫ থেকে ১৪০ টাকা, যা এক সপ্তাহ আগে ছিল ১৩০ থেকে ১৪০ টাকা। প্যাকেট ময়দার দাম বেড়েছে পাঁচ দশমিক ৮১ শতাংশ। এতে এক কেজি প্যাকেট ময়দা বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৪ টাকা, যা আগে ছিল ৭৫ থেকে ৮০ টাকা। খোলা আটার দাম এক দশমিক ৬৩ শতাংশ বেড়ে কেজি ৬০ থেকে ৬৫ টাকা বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগে ছিল ৬০ থেকে ৬৩ টাকা।

অন্যদিকে মোটা চালের দাম তিন দশমিক ৮৮ শতাংশ কমে এখন কেজি বিক্রি হচ্ছে ৪৭ থেকে ৫২ টাকা। আগে এ চালের দাম ছিল ৪৮ থেকে ৫৫ টাকা। লুজ পাম অয়েলের দাম সপ্তাহের ব্যবধানে কমেছে পাঁচ দশমিক ৬৬ শতাংশ। এতে এক লিটার লুজ পাম অয়েল বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা, যা এক সপ্তাহ আগে ছিল ১৩০ থেকে ১৩৫ টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here