গত মার্চে আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই জুটি বাঁধেন শবনম বুবলী ও শরিফুল রাজ। গোপনীয়তা রক্ষা করে যুক্ত হন ‘দেয়ালের দেশ’ নামের সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমায়। এবারও একই পথে হাঁটলেন ছবিটির পরিচালক মিশুক মনি।
অনেকটা গোপনেই গত ৫ ডিসেম্বর এর শুটিংয়ে অংশ নেন রাজ ও বুবলী। রাজধানীতে চলছে টানা দৃশ্যধারণ। ডিসেম্বর জুড়ে চলবে ছবিটির কাজ।
একটি সংবাদমাধ্যমকে শরিফুল রাজ বলেন, ‘ছবিটির শেষ অংশের কাজ চলছে। বেশ কিছু দৃশ্য থাকবে রাতের।’
পরিচালক মিশুক মনি বলেন, ‘দেয়ালের দেশ’ দুই সময়ের গল্পের সিনেমা। বর্তমান সময়ের একটি ঘটনা নিয়ে গল্প চলতে থাকে। একটা সময় প্রায় সাত বছর আগের একটি ঘটনায় চলে যায় গল্পটি।’
বুবলী বলেন, ‘দেয়ালের দেশ’ চলচ্চিত্রে দুজনের চরিত্র বেশ জটিল। দেশের সিনেমার প্রেক্ষাপটে এ ধরনের চরিত্র করা বেশ কঠিন।’
পরিচালক মিশুক মনির এটি প্রথম সিনেমা। এর আগে টুকটাক বিজ্ঞাপনচিত্র নির্মাণ করেছেন। একটি নাটকও পরিচালনা করছেন তিনি। ২০১৯ সালের শেষে কানাডার টরেন্টো ফিল্ম স্কুল থেকে ফিল্ম মেকিংয়ের ওপর দুই বছরের স্নাতকোত্তর শেষ করেছেন।
