আর্জেন্টিনার খেলা দেখতে কাতার গেলেন ব্রাজিল ভক্ত নোবেল

ব্রাজিল ফুটবল দলের পাঁড়ভক্ত মডেল ও অভিনেতা আদিল হোসেন নোবেল। তাঁর স্মৃতিতে যখন থেকে ফুটবল, তখন থেকেই দলটি তাঁর প্রিয়। সেই ব্রাজিল–ভক্ত নোবেল এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার খেলা উপভোগ করতে গেলেন কাতারে!

দুই বন্ধু, তাঁদের স্ত্রীসহ মোট পাঁচজনের একটি দল মিলে গতকাল বৃহস্পতিবার তাঁরা পৌঁছান মধ্যপ্রাচ্যের দেশ কাতারে।

নোবেল জানান, এবারের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের দুটি ম্যাচ দেখার টিকিট তাঁরা পেয়েছেন। লটারিতে তাঁদের ভাগ্যে যে দুটি ম্যাচ এসেছে, সেই দুই ম্যাচে অংশ নিচ্ছেন আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস এবং ফ্রান্স ও ইংল্যান্ড। তাই ইচ্ছা থাকা সত্ত্বেও প্রিয় দল ব্রাজিলের খেলা গ্যালারিতে বসে উপভোগ করা হবে না।

প্রিয় দল ব্রাজিলের খেলা দেখতে না পারার আফসোস মনের মধ্যে রয়ে গেলেও, বিশ্বকাপ ফুটবলের দুটি ম্যাচ গ্যালারিতে বসে উপভোগ করবেন ভেবে ভালো লাগছে নোবেলের।

তাঁর ভাষায়, সুপার ব্রাজিল ফ্যান বলতে যা বোঝায়, আমি তা। তাই বিশ্বকাপ ফুটবল আসর শুরুর আগে যখন বাজারে টিকিট ছাড়া হয়, আমি তখনই অনলাইনে আবেদন করি। ভাগ্যক্রমে দুটি ম্যাচের টিকিট আমরা পাঁচজন পাই। কোয়ার্টার ফাইনালে কারা খেলবে, এটা আমাদের ভাবনায়ও ছিল না। শেষ পর্যন্ত এসে দেখলাম, আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস আর ফ্রান্স ও ইংল্যান্ডের খেলা ভাগ্যে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *