ছাত্রলীগকে গুজবের জবাব দিতে বললেন প্রধানমন্ত্রী

ছাত্রলীগকে বিএনপি-জামায়াতের অপপ্রচারের জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

তিনি বলেন, জবাব দেওয়া বেশি কিছু না। সোশ্যাল মিডিয়ায় তারা যেটা লিখবে, সেখানে কমেন্টে গিয়ে তারা অতীতে কী করেছে, সেটা লিখে দিলেই হয়। এরপর আর তারা অপপ্রচার করবে না। এটা ছাত্রলীগ ভালোভাবেই করতে পারবে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ৩০তম সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সরকার প্রধান বলেন, দেশে ১০০টা অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি। আজকে সকালেও একটার উদ্বোধন করলাম। জাপান, চীন, ভারত, সৌদি আরব ও সিঙ্গাপুর বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। যারাই বিনিয়োগ করতে চায়, তাদের জায়গা ও নানা সুযোগ-সুবিধা দিচ্ছি।

এসময় গুজবে কান না দেওয়ার আহ্বান পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, একটা শ্রেণী গুজব ছড়াচ্ছে। তারই ফলশ্রুতিতে ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছে। এটা চোরের সঙ্গে সখ্যতা কি না জানি না। আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। প্রতিটি ব্যাংকে পর্যাপ্ত টাকা আছে। অতএব গুজবে কান দেবেন না।

বিএনপি আওয়ামী লীগের থেকে রাজনীতি শিখেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি কিছু রাজনীতি শিখেছে আমাদের সঙ্গে কিছু আন্দোলন করে। এরশাদবিরোধী আন্দোলন করে।’

বিএনপির শাসনামলে দেশের শিক্ষার হার কমে গিয়েছিল। বর্তমানে দেশের শিক্ষার হার ৭৫ শতাংশ জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘মানুষ সামনের দিকে আগায়। বিএনপি ক্ষমতায় গেলে দেশ পেছনের দিকে যায়। কথায় বলে না, ভূতের পা পেছন দিকে!’

বিএনপিপন্থী বুদ্ধিজীবীদের ‘বুদ্ধিপ্রতিবন্ধীজীবী’ বলে আখ্যা দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমাদের বুদ্ধিজীবী, তারা আসলে বুদ্ধিজীবী না, বুদ্ধিপ্রতিবন্ধীজীবী। তারা একজন সাজাপ্রাপ্ত আসামি, তাকে নেতা মেনে ২১ আগস্ট গ্রেনেন্ড হামলাকারী, মানিলন্ডারিংকারী, অর্থ চোরাকারবারী তাদের সাথে জড়ো হয় সরকার উৎখাতের জন্য।’

নেতা-কর্মীদের উদ্দেশে দেয়া ভাষণে ছাত্রলীগের নেতা-কর্মীদের পড়াশোনায় মনোনিবেশ করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। ১৯৯৪ থেকে ৯৬ সাল পর্যন্ত বিএনপি সরকারবিরোধী আন্দোলনের সময় সে সময়ের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একটি উক্তির কথাও স্মরণ করেন তিনি।

সে সময় নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনে থাকা আওয়ামী লীগকে দমনে ছাত্রদলই যথেষ্ট বলে মন্তব্য করেছিলেন বিএনপি নেত্রী।

শেখ হাসিনা বলেন, ‘খালেদা জিয়া হুমকি দিয়েছিলেন, আওয়ামী লীগকে শিক্ষা দিতে ছাত্রদলই যথেষ্ট। তারা ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল। আর আমি বই, খাতা-কলম তুলে দিয়েছিলাম।

‘ছাত্ররা শিক্ষা গ্রহণ করবে। দেশের দায়িত্বভার ভবিষ্যতে নেবে। দেশকে নেতৃত্ব দেবে।…তোমরা শুধু নিজেরাই শিক্ষা নেবে না তোমরা যখন বাড়িতে যাবে কেউ যদি নিরক্ষর থাকে তাদের স্বাক্ষর জ্ঞান দেবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *