সংবাদ উপস্থাপিকা থেকে ‘বসগিরি’ সিনেমায় অভিনয় করে নায়িকা হিসেবে বড় পর্দায় অভিষেক করেন শবনম বুবলী। অভিষেক সিনেমায় তার বিপরীতে ছিলেন শাকিব খান। শুরুতে তারা সহকর্মী থাকলেও চলতি বছরের সেপ্টেম্বরে অভিনেত্রী জানান, তার ছেলে শেহজাদ খান বীরের বাবা শাকিব খান। এই অভিনেতাও অবশ্য সোশ্যাল এক পোস্টে নিশ্চিত করেন এই তথ্য।
বুবলীর সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে ঢালিউড ক্যুইন অপু বিশ্বাসের সঙ্গে সম্পর্ক ছিল শাকিব খানের। অপু বিশ্বাসের ভাষ্যমতে ২০০৮ সালে শাকিবের সঙ্গে বিয়ে হয়েছিল তার। যা ছেলে আব্রাম খান জয়কে নিয়ে লাইভে এসে জানিয়েছিলেন অপু। এর আগ পর্যন্ত শাকিব-অপুর বিয়ের ও তাদের ছেলের বিষয় গোপন ছিল।
এদিকে শাকিব-বুবলীর মধ্যকার সঙ্গে সম্পর্ক ও আড়াই বছর বয়সী ছেলে শেহজাদ খান বীরের বিষয়টিও গোপন ছিল। গত ২৭ সেপ্টেম্বর বুবলী বেবি বাম্পের ছবি প্রকাশ ও ছেলের পিতৃপরিচয় প্রকাশের পর থেকে এ নিয়ে শুরু হয় তুমুল আলোচনা। এমনকি অপুর সঙ্গে বিচ্ছেদের জন্যও কেউ কেউ সোশ্যালে দায়ী করতে থাকেন বুবলীকে। এসব বিষয়ে কথা বলেছেন বুবলী।
রোববার (৪ ডিসেম্বর) ফেসবুক ভেরিফাইড পেজে ৪১ মিনিটের এক ভিডিও বার্তায় অপুর গর্ভপাত প্রসঙ্গে কথা বলেন বুবলী। তিনি বলেন, আপনারা অনেকেই জানেন, শাকিবের কথা অনুযায়ী তিনবার অ্যাবর্শন করতে হয়েছিল অপু বিশ্বাসকে। চতুর্থবার বাধ্য হয়েই সন্তান নিয়েছিলেন তিনি। এসব ঘটনায় তো আমি নেই।
বুবলী আরও বলেন, সেই সময় আমার অস্তিত্বই ছিল না সিনেমায়। আমাকে কেন দোষারোপ করা হলো যে, আমার কারণে সংসার ভেঙেছে কারও? আমার জন্য কারও সংসার ও সম্পর্ক ভাঙেনি। দর্শকের উদ্দেশে স্পষ্ট করে বলতে চাই আমি।
বুবলী বলেন, ‘আমি সিনেমায় আসি ২০১৭ সালে। সেসময় শাকিবের সঙ্গে যে অন্য কারও সম্পর্ক আমরা অনেকেই জানতাম না। আমি জানতাম তিনি সিঙ্গেল। তিনি আমাকে তখন মাঝে মাঝে বলতেন আমাকে কিছু শেয়ার করবেন।’
এ সময় বুবলী বলেন, ‘তার প্রতি ভালো লাগা ছিল না যে তা না। কিন্তু সেরকম প্রেম বা পাগলামির কিছু ছিল না। সেসময় শাকিবও সেটেল হতে চাচ্ছিলেন। বিয়ের জন্য পাত্রী খুঁজছিলেন। পরে অপু বিশ্বাস যখন লাইভে আসে তখন আমরা জানতে পারি তার সঙ্গে শাকিবের বৈবাহিক সম্পর্ক রয়েছে। এছাড়া অপু বিশ্বাস আমাকে ফোন করেও বাজে ব্যবহার করেছিলেন। তখন আমি অবাক হই। কারণ আমরা সবাই জানতাম তিনি সিঙ্গেল। আমি যদি তখন জানতাম তিনি জীবনে এমন জটিল একটা অবস্থা পার করছেন তাহলে তো শাকিবের সঙ্গে সম্পর্কে জড়াতাম না। তাকে বিয়ে করতেম না।’
২৭ সেপ্টেম্বর বুবলী নিজের বেবি বাম্পের ছবি প্রকাশ করতেই নেট দুনিয়ায় শুরু হয় তোলপাড়। পরে ৩০ সেপ্টেম্বর গণমাধ্যমে তাদের সন্তানের ছবি প্রকাশ হয়। বুবলী ছবি প্রকাশ করে জানান তার সন্তানের পিতা শাকিব। নিজের ভেরিফায়েড ফেসবুক থেকে শাকিবও স্বীকার করে নেন সে কথা। এর কয়েকদিন পর বুবলী জানান, ২০.০৭.২০১৮ তারিখ বিয়ে করেন শাকিব-বুবলী।
