রাজের মোটা অঙ্কের পারিশ্রমিক নিয়ে যা বললেন নিমার্তা রেদোয়ান রনি

চলতি বছর ‘পরাণ’ ও ‘হাওয়া’ দিয়ে ব্যাক টু ব্যাক বাজিমাত করেন শরিফুল রাজ। সবশেষ ‘দামাল’ ছবির মাধ্যমেও প্রশংসা কুড়িয়েছেন। তবে জানা গেছে, নতুন সিনেমার জন্য ৩০ লাখ টাকা পর্যন্ত পারিশ্রমিক দাবি করছেন রাজ!

এ বিষয়ে তিনি বলেন, আমি কিন্তু এক মাসের মধ্যে একটা সিনেমা করি না। আমার দীর্ঘ সময় লাগে। তো সেই আট-নয় মাস আমার জীবনযাপনের খরচ তো মেটাতে হবে। সেই হিসাবেই আমি পারিশ্রমিক চাচ্ছি।

অনেকে তার এই পারিশ্রমিক আকাশচুম্বী মনে করলেও নির্মাতা রেদোয়ান রনি বলছেন এটি রাজের ব্যক্তিগত ব্যাপার। ২০১৬ সালে চলচ্চিত্রে রাজের আগমন ঘটেছিল রেদোয়ান রনির ‘আইসক্রিম সিনেমার মাধ্যমে।

তিনি রাজের এই মোটা টাকা পারিশ্রমিক দাবির কথা শুনে বলেন, ‘এটা তার ব্যক্তিগত ব্যাপার। এখন ইনভেস্টর কিংবা নির্মাতা যদি তাকে এই পারিশ্রমিক দিয়ে নেন তাহলে হয়ে গেল। আর যদি নির্মাতা মনে করেন বাজেট অনুযায়ী এই পারিশ্রমিক দেওয়া সম্ভব না, তবে তিনি রাজের বিকল্প খুঁজে নেবেন। কেননা, নির্মাতা নতুন আর্টিস্ট তৈরির ক্ষমতা রাখেন। যেমন আমি নিয়ে এসেছিলাম রাজকে। আমি তাকে তৈরি করেছি।’

এদিকে কয়েকমাস আগে রাজ দাবি করেছিলেন, তার কাছে শতাধিক সিনেমার প্রস্তাব আসছে। কিন্তু মান বজায় রেখে কাজ করতে চান বলেই সব সিনেমায় রাজি হচ্ছেন না তিনি। যদিও তার এই ‘শতাধিক’ সংখ্যাটায় সন্দিহান ছিলেন নেটিজেনরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *