কাতার বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের উন্মাদনায় মেতেছে পুরো বাংলাদেশ। পিছিয়ে নেই চলচ্চিত্রের তারকারাও; তারাও নিজের প্রিয় দলের প্রতি সমর্থন ভালোবাসা নানাভাবে প্রকাশ করছেন। তাদের মধ্যে কেউ কেউ কট্টর ব্রাজিলের সমর্থক কেউ আর্জেন্টিনার।
নব্বই দশকের জনপ্রিয় নায়িকা শাবনাজের প্রিয় দল ব্রাজিল। ব্রাজিল শেষ ম্যাচে হেরেছে। তবে তার আশা বাকি ম্যাচগুলোতে তারা শতভাগ দিয়েই খেলবে।
সংবাদমাধ্যমকে শাবনাজ বলেন, আমার প্রিয় দল সব সময়ই ব্রাজিল। যদিও ফুটবলে এত বিচক্ষণ নই আমি। কিন্তু আমার পুরো পরিবার ফুটবল ভালোবাসে। কেউ আর্জেন্টিনা সাপোর্ট করে আবার কেউ জার্মানি। কেউ আবার ফ্রান্সের সমর্থক।
তিনি বলেন, আমার বড় মেয়ে একজন ফুটবল খেলোয়াড়। সত্যি বলতে বিশ্বকাপ এলেই আমার পুরো পরিবারে আনন্দ বয়ে যায়।
শাবনাজ বলেন, বিশ্বকাপকে ঘিরে খেলা দেখার জন্য প্রজেক্টরের ব্যবস্থা করা হয়। পুরো এক মাস ধকল যায় আমার উপর। বাচ্চার বন্ধুদের আমন্ত্রণ জানানো হয় বাসায় খেলা দেখার জন্য। খেলা চলাকালীন তাদের পছন্দের খাবার তৈরি করি।
তিনি বলেন, পুরো বাড়ি প্রিয় দলের পতাকা দিয়ে সাজানো হয়। নাঈম তো আরও একধাপ এগিয়ে থাকে মনে হয়। বিশ্বকাপ চলাকালীন সময়টুকু তার জন্য ঈদের মতোই।
বর্তমানে আমি দিল্লিতে রয়েছি। এখানেও আমি আর নাঈম খেলাগুলো উপভোগ করছি। তবে নাঈম বিশ্বকাপে অংশ নেয়া সব দলের খেলাই দেখে। এবারে বিশ্বকাপের খেলাগুলো সত্যিই রোমাঞ্চভরা।
