সিনেমায় নাম লেখালেন ডিপজলের মেয়ে

ঢালিউডের খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। খলনায়ক হিসেবে জনপ্রিয়তার মাপকাঠিতে অনেককেই ছাড়িয়ে গেছেন তিনি। প্রযোজক হিসেবেও সফল এ তারকা। এবার বাবার পদাংক অনুসরণ করে সিনেমায় নাম লেখালেন ডিপজলকন্যা ওলিজা মনোয়ার।

তবে অভিনেত্রী হিসেবে না, প্রযোজক হিসেবে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হয়েছেন ওলিজা। তার প্রযোজনায় নির্মিত হয়েছে ‘জিম্মি’ নামের একটি ছবি। মুক্তির অপেক্ষায় থাকা এ ছবিটি পরিচালনা করেছেন ডিপজল নিজেই।

এরই মধ্যে সিনেমাটির নির্মাণ কাজ শেষ করে সেন্সরে জমা দেওয়া হয়েছে। দু-একদিনের মধ্যে সেন্সর বোর্ড সদস্যরা সিনেমাটি দেখবেন বলে সেন্সর বোর্ড সদস্যরা রাইজিংবিডিকে জানান।

অ্যাকশন ও থ্রিলার ঘরানার এই ছবির গল্প লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। এতে অভিনয় করেছেন ডিপজল, শহিদুজ্জামান সেলিম, বড়দা মিঠু, শিরিন শিলা, তারেক, মানতাসা মিম, মাসুম বাশার, মিলি বাশার, দিপু রায়হান প্রমুখ।

ডিপজলের মেয়ে ওলিজা মনোয়ার মেঘলা যুক্তরাজ্যে বিজনেস স্টাডিজ নিয়ে পড়াশোনার পাশাপাশি ফিল্ম অ্যান্ড মিডিয়া এবং মেকআপ নিয়ে পড়াশোনা করেছেন। লন্ডনে একটি সরকারি কলেজে ফিল্ম অ্যান্ড মিডিয়ার উপর শিক্ষকতাও করেছেন।

দেশে ফিরে আসার পর ওলিজা মনোয়ার চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করলেও পরবর্তীতে তা নিয়ে আর সামনে এগোননি। অবশেষে চলচ্চিত্র প্রযোজনায় নাম লেখালেন ডিপজলকন্যা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *