ডিপজলের সঙ্গে ছবি দিয়ে যা বললেন জায়েদ খান

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে জায়েদ খান ও নিপুণের মধ্যে আইনী লড়াই অব্যাহত রয়েছে। তবে সর্বশেষ আদালতের অভিমত অনুসারে, সাধারণ সম্পাদক হিসেবে নিপুণের দায়িত্ব পালনে কোনো বাধা নেই বলে তার আইনজীবী জানিয়েছেন।

ইতোমধ্যে নিপুণ পুরোদমে তার দায়িত্ব পালন শুরু করেছেন। গত সপ্তাহে সমিতির কার্যকরী কমিটির মিটিং হয়। এ মিটিংয়ে মিশা-জায়েদ খানের প্যানেল থেকে বিজয়ীদের অংশগ্রহণ করার জন্য চিঠি দেয়া হয়। এতে অনেকে সাড়া দিয়েছেন। মিটিংয়ে অংশগ্রহণ করেছেন। এর মধ্যে রয়েছেন চলচ্চিত্রের মুভিলর্ড খ্যাত ও সমিতির সিনিয়র সহ-সভাপতি মনোয়ার হোসেন ডিপজল। এছাড়া এদিন মিশা-জায়েদ প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী চিত্রনায়িকা মৌসুমী শপথও নিয়েছেন।

নির্বাচনের ১০ মাস পেরোতে গেলেও যে প্যানেলের লোকেরা শিল্পী সমিতির কোনো কার্যক্রমে অংশগ্রহণ করেননি, হঠাৎ তারাই ইলিয়াস কাঞ্চন-নিপুণদের নেতৃত্বে সমিতিতে আসেন। তবে কি তারা নিপুণকে সমর্থন দিলেন? ভুলে গেলেন নিজেদের প্যানেলের সাধারণ সম্পাদক পদে শিল্পীদের ভোটে বিজয়ী জায়েদ খানকে?

এ ব্যাপারে জায়েদ খান সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ‘আমার প্যানেলের নির্বাচিতরা নিপুণকে সমর্থন দিয়েছেন, এই তথ্য সঠিক নয়। তারা সমিতিতে গিয়েছিলেন সভাপতির আমন্ত্রণে। যেহেতু তারা নির্বাচিত প্রতিনিধি, তাই সমিতির কার্যক্রমে অংশ নিতেই পারেন।’

এর কদিন পর ডিপজলের সঙ্গে এক ফ্রেমে দেখা গেল জায়েদ খানকে। শুক্রবার বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ডিপজলের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেছেন। সেখানে ক্যাপশনে লিখেছেন ‘জুম্মার নামাজ শেষে!’

তবে ছবিটি কোথায় তুলেছেন সেটি পোস্টে জানাননি ঢাকাই সিনেমার আলোচিত এই অভিনেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *