তাপমাত্রা নামতে পারে ১২ ডিগ্রির নিচে

রাতের তাপমাত্রা কমে ১২ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাতে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এ অবস্থায় শুক্রবার (২ ডিসেম্বর) সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এছাড়া সামান্য কমতে পারে দিনের তাপমাত্রাও। ঢাকায় উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ৮-১২ কিলোমিটার।

আগামী দু’দিনে রাতের তাপমাত্রা আরও কমতে পারে। আর বর্ধিত পাঁচ দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস তেঁতুলিয়ায় এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল কক্সবাজারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *