আমার জীবনটা বদলে গেল: নুহাশ হুমায়ূন

নবীন চলচ্চিত্র নির্মাতা নুহাশ হুমায়ূন পরিচালিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘মশারি’তে নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন দুজন অস্কারজয়ী।

তাদের একজন যুক্তরাষ্ট্রের অভিনেতা, কমেডিয়ান এবং চলচ্চিত্রকার জর্ডান পিল বেস্ট অরিজিনাল স্ক্রিনপ্লের জন্য অস্কার পান ২০১৮ সালে। আর পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ অভিনেতা রিজ আহমেদ ২০২১ সালে সেরা লাইভ অ্যাকশন শর্টফিল্ম ক্যাটাগরিতে অস্কার পান।

তাদের দুজনের ‘মশারি’তে যুক্ত হওয়ার খবর সোমবার প্রকাশ করে বিনোদন সাময়িকী ‘ভ্যারাইটি’।

সেই খবর নিজের ফেইসবুক আইডিতে শেয়ার করে নুহাশ লিখেছেন, “আমার জীবনটা বদলে গেল। টিম মশারিকে ধন্যবাদ ইতিহাস তৈরি করার জন্য।”

‘মশারি’ গল্পে দেখা যায়, রক্তপিপাসু মশায় ভরে গেছে বিশ্ব। শেষ মানুষ হিসেবে বাংলাদেশে দু’জন নারী জীবিত থাকেন। কিন্তু তারা অজানা আতঙ্কে মশারির ভেতরে রাত কাটান। নতুন বিশ্বে বেঁচে থাকার জন্য লড়াই করেন দুই বোন অপু ও নাইরা। এক রাতে মশারি ঠিক করার জন্য বাইরে বের হয় আয়রা। এ সময় অপুকেও উঠতে হয়। কিন্তু সেই সময়ই ভূতের মুখোমুখি হয়ে পড়েন দুই বোন।

বাংলাদেশি সিনেমায় আমেরিকান ও বিট্রিশ দুই তারকার প্রযোজনার এই খবরে উচ্ছ্বসিত নির্মাতা নুহাশ হুমায়ূন। নিজ সিনেমায় প্রযোজনা বলে নয়, জর্ডান পিলের কাজ আগে থেকেই ভালো লাগে বলে জানান নুহাশ।

সংবাদমাধ্যমকে নুহাশ বলেন, ‘আগে থেকেই জর্ডান পিলের কাজ খুব ভালো লাগে আমার। নির্মাণে হরর বিষয়টি নিয়ে আসেন তিনি। তবে ভয় দেখানোর জন্য ভৌতিক ব্যাপারগুলো ব্যবহার করেন না। মূলত সমাজকে নিয়ে বিভিন্ন বার্তা দিয়ে থাকেন তিনি।’

ব্রিটিশ তারকা রিজ আহমেদের কাজও ভালো লাগে বলে জানান বাংলাদেশি তরুণ নির্মাতা। বলেন, ‘তাদের মতো তারকাদের থেকে সাপোর্ট পাওয়া আমার জন্য অনেক কিছু। যদিও আমি বাংলাদেশি ইন্ডাস্ট্রিতে নতুন নয়। দেশে মিউজিক ভিডিও, শর্টফিল্মস, ওটিটি-সহ অনেক কাজই করেছি। কিন্তু আপনি যদি আমেরিকার প্রেক্ষাপট চিন্তা করেন তাহলে সেখানে আমি নতুন।’

‘আমেরিকার ইন্ডাস্ট্রিতে খুব বেশি সংযোগ নেই আমার। সেই ইন্ডাস্ট্রিতে এতদ্রুত এবং ভালো সাপোর্ট পাওয়া আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ও ভালো লাগার বিষয়’—বলেও যোগ করেন নুহাশ হুমায়ূন।

অস্কারের জন্য যোগ্যতা অর্জনকারী প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে ‘মশারি’ এসএক্সএসডব্লিউ পুরস্কার এবং ফ্যান্টাসিয়া, হলিশর্টস ও মেলবোর্ন ফেস্টিভ্যালসহ একাধিক পুরস্কার লাভ করেছে।

নুহাশ হুমায়ূনের প্রযোজনা ও পরিচালনয় ‘মশারি’তে অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল এবং কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নাতনি নাইরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *