এখন জায়েদ খানের পাশে কেউ নেই!

সম্প্রতি জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলা হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিপুণের লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) গ্রহণ করে তাকে আপিলের অনুমতি দিয়েছেন আদালত। এর ফলে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে ‘আপাতত’ দায়িত্ব পালন করতে পারবেন নিপুণ।

এদিকে এতদিন সাধারণ সম্পাদকের দায়িত্ব নিপুণ পালন করায় জায়েদ খানের প্যানেলের বিজয়ীরা সমিতির মিটিংয়ে অংশ নেননি। এবার আদালত তাকে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে ‘আপাতত’ দায়িত্ব পালন করতে বলতেই তার পাশে দেখা গেছে জায়েদ প্যানেলের প্রায় সবাইকে।

মিশা-জায়েদ প্যানেল থেকে নির্বাচিত মনোয়ার হোসেন ডিপজল, মৌসুমী, রুবেল ও আলীরাজ সাধারণ সম্পাদক হিসেবে নিপুণকে মেনে নিয়েছেন। সম্প্রতি তারা সমিতির কার্যালয়ে গিয়ে শপথও নিয়েছেন।

আর হার মেনে নির্বাচনের পরপরই নতুন সভাপতি ইলিয়াস কাঞ্চনকে শুভেচ্ছা জানিয়েছেন মিশা সওদাগর। আর যারা নতুন কমিটির বিরোধিতা করে পদ থেকে দূরে ছিলেন তারাও বহু আগে সমিতির সঙ্গে একাত্বতা প্রকাশ করেছেন। শুধু তাই না, সমিতি বিভিন্ন কার্যক্রমে স্বতঃস্ফূর্ত অংশ নিচ্ছেন। তবে নিজের অবস্থানে এখনো অটুট আছেন জায়েদ খান।

একটি সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘চিত্রনায়িকা নিপুণ যে জয় পেয়েছেন- আদালতের এই কাগজ কি আপনারা দেখেছেন। আসলে নিপুণ সবাইকে ভুল ব্যাখ্যা দিচ্ছেন। আদালত চূড়ান্ত রায় দেননি। নিপুণ আক্তার আপিলের অনুমতি চেয়ে যে আবেদন করেছিলেন, আপিল বিভাগ তা গ্রহণ করেছেন। আমি আশা করি, চূড়ান্ত রায় আমার পক্ষেই আসবে। আমি এখন গ্রামে আছি। ঢাকায় ফিরে আদালতের মাধ্যমেই এর জবাব দেবো।’

এদিকে খোঁজ নিয়ে জানা যায়, নতুন কমিটি নিয়ে নতুন উদ্যোমে কাজ করার পরিকল্পনা হাতে নিয়েছে সমিতি। আর খুব শিগগিরই তাদের পরবর্তী কার্যক্রম সম্পর্কে সবাইকে জানানো হবে। আর নির্বাচনে মিশা-জায়েদ প্যানেলে বা তাদের পক্ষে যারা ছিলেন তারাও এই কমিটিকে সমর্থন করেছে। সবাই মিলে কাজ করে যাওয়ার কথা জানিয়েছে সমিতিকে। সেদিক থেকে জায়েদ খান এখন একা। তার পাশে শিল্পীদের দেখা গেলেও সবাই সমর্থন করছে কাঞ্চন-নিপুণকে। এখন দেখার পালা, জায়েদ খানের জেদ ভাঙার!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *