অস্ট্রেলিয়া থেকে নিজের ছবি প্রকাশ করে যা বললেন শাবনূর

ঢালিউডের সর্বকালের অন্যতম সফল অভিনেত্রী শাবনূর। সিনেমা পাড়ায় একটা কথা প্রচলিত আছে, দর্শক শুধু তাকে দেখার জন্যই সিনেমা হলে যেতেন। নব্বই দশকে জনপ্রিয়তার আকাশ ছুঁয়েছিলেন তিনি। ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় বিয়ে করে অস্ট্রেলিয়ার সিডনিতে পাড়ি জমান।

দীর্ঘদিন ধরেই সেখানে ছেলে আইজান, মা, ভাই-বোনসহ বসবাস করছেন শাবনূর। মাঝেমধ্যে দেশে এলেও খুব বেশিদিন থাকেন না। অনেক দিন নতুন সিনেমায় অভিনয় না করলেও শাবনূরের জনপ্রিয়তায় ভাটা পড়েনি। ভক্তদের কাছে তার আবেদন যেন আগের মতোই।

দেশের বাইরে থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব শাবনূর। প্রায়ই নতুন নতুন ছবি দেখা যায় তার ফেসবুকে। নানা ভিডিও দেখা যায় তার ইউটিউব চ্যানেলে। সেই ধারাবাহিকতায় আজ বুধবার শাবনূর তার অফিসিয়াল ফেসবুক পাতায় জনৈক এক লোকের সঙ্গে বেশকিছু ছবি প্রকাশ করেছেন। ক্যাপশনে লিখেছেন, ফটোশুটে।

তবে ব্যক্তির নাম প্রকাশ করেননি তিনি। জানাননি তার সম্পর্কে বিস্তারিত। তবে প্রকাশিত ১৯টি ছবিতেই দেখা গেছে ঘনিষ্ঠ হয়ে পোজ দিতে।

এরইমধ্যে ছবিগুলো ফেসবুকের বিভিন্ন গ্রুপে ছড়িয়ে পড়েছে। নেটিজেনরা ধারণা করছেন, সম্ভবত ওই ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন শাবনূর। আবার অনেকে জানাচ্ছেন, তাদের দুজনকে সুন্দর মানিয়েছে। অনুরাগীরা আশা করছেন, শাবনূর ওই ব্যক্তির পরিচয় জানাবেন। সেই সঙ্গে খোলাসা করবেন তাদের ভেতরকার সম্পর্ক।

উল্লেখ্য, ২০১১ সালের ৬ ডিসেম্বর অনিক মাহমুদ হৃদয়ের সঙ্গে আংটি বদল করেন শাবনূর। এরপর ২০১২ সালের ২৮ ডিসেম্বর বিয়ে করেন তারা। ২০১৩ সালের ২৯ ডিসেম্বর আইজান নিহান নামে এক পুত্রসন্তানের মা হন শাবনূর। এরপর ২০২০ সালে হৃদয়ের সাথে তার বিচ্ছেদ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *