টিভি নাটক, ওয়েব ছবি ও সিরিজে অভিনয় করে আলোচনায় এসেছেন তাসনিয়া ফারিণ। দেশের গণ্ডি পেরিয়ে তিনি নাম লিখিয়েছিলেন কলকাতার ছবিতেও। কলকাতার পরিচালক অতনু ঘোষের পরিচালনায় ‘আরও এক পৃথিবী’ ছবিতে অভিনয় করেছেন ফারিণ।
ছবিটি কলকাতায় মুক্তি পাওয়ার কথা ছিল ২ ডিসেম্বর। তার আগেই প্রকাশ পেয়েছিল ট্রেলার। এরই মধ্যে জানা গেল, অনির্দিষ্টকালের জন্য পিছিয়েছে ছবিটির মুক্তি।
পরিচালক জানান, ‘ছবিটি মুক্তি দেওয়ার সব সিদ্ধান্ত চূড়ান্ত ছিল। কিন্তু শেষ মুর্হূতে এসে দেখলাম, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না।’
তিনি বলেন, ‘ছবির গল্পে যেমন টুইস্ট থাকে, ছবি মুক্তির ক্ষেত্রেও মাঝেমধ্যে থাকে! আগামী দুই মাস লম্বা লাইন—বাংলা, হিন্দি, ইংরেজি, পরপর বহু প্রতীক্ষিত সিনেমা মুক্তি পাচ্ছে। তা ছাড়া কলকাতা চলচ্চিত্র উৎসবের কারণে নন্দনসহ আরও কিছু প্রেক্ষাগৃহে নিয়মিত চলচ্চিত্র প্রদর্শন বন্ধ থাকবে। যারা ছবির বিষয়ে আগ্রহী, তাদের দেখার সুযোগ করে দেওয়ার উদ্দেশ্যেই “আরও এক পৃথিবী”র মুক্তি কিছুটা পেছাচ্ছে। নতুন মুক্তির তারিখ শিগগিরই জানানো হবে।’
এই চলচ্চিত্রে ফারিণ ‘প্রতীক্ষা’ নামে এক তরুণীর চরিত্রে অভিনয় করেছেন। মেয়েটির ১১ বছরের জীবন অভিযাত্রার গল্প এটি। গল্পে প্রতীক্ষা নিজের প্রকৃত পরিচয়, প্রকৃত আশ্রয় খুঁজে বেড়ান।
এসকে মুভিজ প্রযোজিত এই চলচ্চিত্রে ফারিণ ছাড়া আরও অভিনয় করছেন—নির্মাতা কৌশিক গঙ্গোপাধ্যায়, সাহেব ভট্টাচার্য ও অনিন্দিতা বসু।
