দেশের আলোচিত অভিনেত্রী পরীমনি। আগে থেকেই আকাশী-নীল জার্সিধারী আর্জেন্টিনার সমর্থক তিনি। যখন একা ছিলেন, নিজের পছন্দের দল নিয়েই ছিল তার সব উন্মাদনা।
এক বছর হলো বিয়ে হয়েছে পরীর। বিয়ের পর যেন নিজে ঘরেই ঢুকে গেছে প্রতিদ্বন্দ্বী। কারণ, পরীর স্বামী অভিনেতা শরিফুল রাজ ব্রাজিলের সমর্থক।
শুরু হয়ে গেছে গ্রেটেস্ট শো অন আর্থ ফিফা বিশ্বকাপ। একে ঘিরে দেশের ফুটবল প্রেমীদের উত্তেজনার শেষ নেই। তর্কের মাঠে ব্রাজিল-আর্জেন্টিনা হয়ে উঠছে কঠিন প্রতিপক্ষ।
চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার এ দুই সমর্থক এবার দম্পতি হয়ে আছেন একই ছাদের নিচে। বাকযুদ্ধে জড়াচ্ছেন মাঝে মাঝেই।
একটি গণমাধ্যমকে পরীমণি বলেছেন, আমি আর্জেন্টিনার সমর্থক। তবে, রাজের প্রিয় দল ব্রাজিল। দু’জনের ২ দল প্রিয়। এটার একটা মজা আছে। খেলা দেখার সময় উত্তেজনা নিয়ে দু’জনে খেলা দেখব। সুন্দর সময় কাটাব।
কবে থেকে আর্জেন্টিনা সাপোর্ট করেন? তিনি বলেন, অনেক আগে থেকে। ম্যারাডোনার জন্যই মূলত আর্জেন্টিনার ভক্ত। ম্যারাডোনা খেলার জাদুকর। আর মেসিকে বলব ম্যাজিক খেলোয়াড়। সেজন্য বলতে পারি, ম্যারাডোনার জন্য আর্জেন্টিনা সমর্থন করি।
সবখানে পতাকায় ভরে গেছে, আপনার বাসায় কোন দেশের পতাকা উড়ছে?, পরী বলেন, আমার বাসায় একটাই পতাকা, বাংলাদেশের পতাকা। সবার আগে আমার দেশ। নিজের দেশকেই বেশি ভালোবাসি। এজন্য বাংলাদেশের পতাকা এনেছি। কিন্তু, বাসায় জার্সি ২টা। আমার আর্জেন্টিনার, রাজের ব্রাজিলের।
