Home প্রধান খবর শর্ত সাপেক্ষে সিম বিক্রির অনুমতি পেল গ্রামীণফোন

শর্ত সাপেক্ষে সিম বিক্রির অনুমতি পেল গ্রামীণফোন

0
115

অবশেষে শর্ত সাপেক্ষে ৭৮ হাজার সিম বিক্রির অনুমতি পেয়েছে গ্রামীণফোন। তবে এই সিম সাধারণ গ্রাহকরা কিনতে পারবেন না। আইনশৃঙ্খলা বাহিনী এবং করপোরেট প্রতিষ্ঠানের জন্য এই সিম বিক্রির অনুমতি দেওয়া হয়েছে।

রোববার (১৯ নভেম্বর) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এক চিঠিতে এ তথ্য জানায়।

চিঠিতে বলা হয়, সশস্ত্র বাহিনীর জন্য ৬ হাজার ৫১৯টি, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর জন্য ২১ হাজার ৪৮১টি, বেসরকারি প্রতিষ্ঠানের (করপোরেট ব্যবহারকারী) জন্য ৩৫ হাজার, যানবাহন ট্র্যাক (ভিটিএস) করার জন্য ১০ হাজার এবং মোবাইল নম্বর পোর্টেবেলিটি (এমএনপি) সেবার জন্য ৫ হাজারসহ মোট ৭৮ হাজার সিম বিক্রি করতে পারবে গ্রামীণফোন।

মানসম্মত সেবা না দেওয়ার অভিযোগে গত ২৯ জুন গ্রামীণফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করে বিটিআরসি। পরে ১৩ লাখ পুরনো সিম বিক্রির অনুমতি পায় মোবাইল অপারেটরটি। পরে সেটিও প্রত্যাহার করে নেওয়া হয়। এরপর থেকে গ্রামীণফোনের সব ধরনের সিম বিক্রি বন্ধ হয়ে যায়।

গ্রামীণফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞার কারণ গত ৬ নভেম্বর এক অনুষ্ঠানে জানিয়েছিলেন বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার। তিনি বলেছিলেন, ‘সিম বিক্রিতে নিষেধাজ্ঞা দেওয়ার কারণ, যেদিন পদ্মা সেতু উদ্বোধন হয়, সেদিন সেখানে নেটওয়ার্ক ভালো ছিল না। প্রধানমন্ত্রী নিজেই সেটা প্রত্যক্ষ করেছেন। মন্ত্রিপরিষদ সচিব আমাদের সচিবকে ফোন করে অসন্তোষ প্রকাশ করেছিলেন।’ তিনি বলেন, এর আগেও প্রচুর অভিযোগ ছিল এবং এখনো আছে। সেবার মান খারাপ। এ ছাড়া আদালতে রিটও ছিল। এগুলো বিবেচনায় মন্ত্রী (টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার) গ্রামীণফোনের নতুন সিম বিক্রি বন্ধের জন্য বলেছিলেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here