Home আলোচিত বুবলীকে ডায়মন্ডের নাকফুল উপহার দিলেন শাকিব খান

বুবলীকে ডায়মন্ডের নাকফুল উপহার দিলেন শাকিব খান

0
314

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলীর জন্মদিন আজ। আজকের এই দিনে নোয়াখালীর সোনাইমুড়িতে জন্ম তার। চারভাই বোনের মধ্যে বুবলী তৃতীয়। অর্থনীতিতে অনার্সের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমবিএ পড়ছেন এই অভিনেত্রী।

বুবলী সংবাদ উপস্থাপিকা ছিলেন। তবে ২০১৬ সালে ‘বসগিরি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা করেন তিনি। প্রথম সিনেমায় তার বিপরীতে ছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। আর ক্যারিয়ারের প্রথম সিনেমাতেই সফলতা পাওয়ায় পরবর্তীতে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একাধারে কয়েকটি সিনেমা সুপারহিট হয়েছে তার।

জন্মদিনেও সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন বুবলী। দিনটি বিশেষ হওয়ার পরেও পরিবারের সঙ্গে সময় না কাটিয়ে শুটিং করেছেন তিনি। তবে এ নিয়ে কোনো আফসোস নেই তার। সিনেমার কারণেই তাকে সবাই চিনেছেন, জেনেছেন বলে জন্মদিন উপলক্ষে একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন এই নায়িকা।

এদিকে জন্মদিনে পুত্রসন্তান শেহজাদ খান বীরের বাবা (শাকিব খান) শুভেচ্ছা জানিয়েছেন কিনা—প্রশ্নের জবাবে বুবলী বলেন, এখানেই মজার বিষয়। আমার সঙ্গে সম্পর্ক, বিয়ের এই ক’বছর জন্মদিনে সে সবসময় বলে, সবার আগে আমাকে উইশ করবে। এ কারণে একদিন আগেই সে উইশ করে। এবার সেটাই করেছে।

অভিনেত্রী আরও জানিয়েছেন, আমি টানা শুটিংয়ে ব্যস্ত। কিন্তু এভাবে আগের দিন উইশ করার কারণ সম্পর্কে জানতে চাইলে বলে, ভুলে যেতে পারি। এ কারণে আগেই উইশ করে ফেললাম। আর স্পেশাল আয়োজন পরে তো হবেই। সে জানে, শুটিং রয়েছে আমার। আমার শুটিংয়ে সমস্যা হবে এমন কোনো কাজ করতে চায় না সে।

এছাড়া জন্মদিনে শাকিব খানের কাছ থেকে ডায়মন্ডের নাকফুল উপহার পেয়েছেন বলেও জানিয়েছেন বুবলী। বলেন, এবারের জন্মদিনের সেরা উপহার ডায়মন্ডের নাকফুল, বীরের বাবা শাকিব খান দিয়েছে। গত সপ্তাহে আমাকে সে এই উপহার কিনে দিয়েছে। আমি আগে থেকে জানতাম না উপহারটি কী। যখন খুলে দেখলাম নাকফুল, দেখে আমার চোখে জল চলে এসেছিল। এটি হাতে নিয়ে আমি আবেগপ্রবণ হয়েছিলাম। আমি মনে করি, এ উপহার আমার জন্য তার অন্য রকমের ভালোবাসার বহিঃপ্রকাশ।

এই বিশেষ দিন নিয়ে শাকিব খানের কোনো আয়োজন থাকবে না?, জানতে চাইলে তিনি বলেন, আমি তো দেখি বীরের বাবা তার নিজের জন্মদিনই পালন নিয়ে এক্সসাইটেড থাকে না। এসব ব্যাপারে সে সব সময়ই চাপা স্বভাবের। নিজের জন্মদিনটাই ওভাবে সেলিব্রেশন করে না। এটি আমি বেশ ভালো করেই বুঝি। এ জন্য আমার জন্মদিন নিয়ে তার সেলিব্রেশন ভাবি না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here