রাতেই জনসমুদ্রে পরিণত হবে সিলেট নগরী: মেয়র আরিফ

সিলেটে বিএনপির গণসমাবেশ শনিবার (১৯ নভেম্বর) হলেও বৃহস্পতিবার থেকেই সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন নেতাকর্মীরা। শুক্রবার তাদের ভিড় আরও বেড়েছে। বিএনপি নেতাদের আশা, আজকেই জনসমুদ্রে পরিণত হবে সমাবেশস্থল।

সিলেট নগরের চৌহাট্টা এলাকার সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে এই সমাবেশ করবে বিএনপি। ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে মাঠ প্রস্তুতের কাজ। মঞ্চ নির্মাণও শেষ হয়েছে।

শুক্রবার (১৮ নভেম্বর) দুপুরে আলিয়া মাদরাসা মাঠ পরিদর্শনে এসে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, আজ শুক্রবার রাতের মধ্যেই সিলেট নগর জনসমুদ্রে পরিণত হয়ে যাবে।

মহানগর বিএনপির সাবেক সভাপতি আরিফুল হক চৌধুরী বলেন, ‘বাধা-বিপত্তি মাথায় নিয়েই আমাদের সব কাজ গত ১৩ বছর ধরে করছি। আপনারা দেখেন, আগামীকাল আমাদের সমাবেশ। গতকাল (বৃহস্পতিবার) থেকেই মানুষ চলে আসছেন। এটা জনগণের দাবিতে পরিণত হয়েছে।’

মেয়র আরও বলেন, ‘আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মাঠেরও কাজও শেষ। জুমার নামাজের পরে থেকে এই সিলেট নগরী একটি জনসমুদ্রে পরিণত হবে। যেটা আপনারা আগামীকাল আশা করছেন, সেটা আজ রাতের মধ্যেই দেখবেন যে পুরো শহর লোকে লোকারণ্য হয়ে পড়বে।’

এদিকে সমাবেশে আশা নেতাকর্মীদের জন্য চলছে রান্নাবান্নার কাজ। বিনামূল্যে খাবার বিতরণ করছেন প্রবাসী বিএনপির কয়েকজন নেতা।

মাঠের প্রবেশমুখে ডা. জোবায়দা রহমান ফ্রি ফুড ক্যাম্প থেকে পানি, ফলমূল, রুটি, কলা ও খিচুড়ি বিতরণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *