২০১৯ সালে ভারতের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নেওয়ায় ভিসা বাতিল হয় বাংলাদেশের নায়ক ফেরদৌসের। দেশে ফিরতে বাধ্য হন তিনি। ফলে সেখানকার সিনেমায় কাজের সুযোগ হারান তিনি।
সেই সময় কলকাতায় শরৎ চন্দ্রের ‘দত্তা’সহ বেশ কয়েকটি ছবির শুটিং চলছিল তাঁর। প্রযোজক বিপদে পড়তে পারেন, সে কথা মাথায় রেখে সে সময় কলকাতার সব কটি ছবি থেকেই নিজেকে সরিয়ে নেন ফেরদৌস।
প্রায় তিন বছর পর চলতি বছরে এপ্রিলের দিকে ভারতের ভিসা পান ফেরদৌস। এরপর নতুন করে আবার ভারতের ছবিতে কাজ করতে যাচ্ছেন এই অভিনেতা। ছবির নাম ‘মীর জাফর চ্যাপটার ২’। এটি পরিচালনা করবেন অর্ক দীপ মল্লিকা নাথ। আগামী ১ জানুয়ারি থেকে ভারতের মুর্শিদাবাদে ছবিটির শুটিং শুরুর কথা রয়েছে।
ফেরদৌস জানালেন কাজটি করছি। তিন-চার মাস ধরে ছবির প্রযোজক রানা সরকারের সঙ্গে কথাবার্তা হচ্ছিল। সম্প্রতি কাজটি চূড়ান্ত হয়েছে। বলেন, ‘ছবির প্রি-প্রোডাকশনের জন্য ২৬ নভেম্বর কলকাতা যাচ্ছি। ছবির আমার চরিত্রের লুকসেটের জন্য ফটোশুটে অংশ নিতে হবে। এ জন্য বেশ কয়েক দিন থাকতে হবে ওখানে। আগামী ১ জানুয়ারি ছবির শুটিং শুরুর কথা। আমার অংশের শুটিং শুরু হবে সম্ভবত ৫ জানুয়ারি থেকে।’
দীর্ঘদিন পর ভারতীয় ছবিতে ফিরতে পেরে নিজের ভালো লাগার কথা জানালেন ফেরদৌস। বলেন, ‘কলকাতার ছবিতে আবার কাজে ফিরতে পেরে নিজের কাছে খুব ভালো লাগছে। কারণ আমার সিনেমার ক্যারিয়ারের শুরুতেই আমি দুই বাংলার ছবিতে সমানভাবে কাজ করে গেছি। আমি সব সময়ই মনে করেছি, সিনেমায় আমার দ্বিতীয় বাড়ি কলকাতা। সেখানকার প্রচুর শিল্পী, কলাকুশলীরা আমার কাছের মানুষ। কিন্তু একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আমি ভারতে কালো তালিকাভুক্ত হয়েছিলাম। এরপর সেখানকার সিনেমায় আমার আর কাজের সুযোগ ছিল না। এখন আবার সেই সুযোগ হলো। এটি আমার কাছে পুরোনো বাড়িতে ফিরে যাওয়ার মতো ব্যাপার মনে হচ্ছে।’
ফেরদৌস বলেন, বেশ কয়েকবছর পর কলকাতার ছবিতে কাজ করতে যাচ্ছি। অপেক্ষা করছিলাম ভালো একটি গল্প দিয়ে শুরু করতে। আশা করি তেমন কিছুই হতে যাচ্ছে।
ফেরদৌসের পাশাপাশি এই ছবিতে ঢালিউডের জিয়াউল রোশানকেও দেখা যাবে। ফেরদৌস-রোশান ছড়াও চলচ্চিত্রটিতে অভিনয় করবেন কলকাতার সৌরভ দাস, শ্রাবন্তী, প্রিয়াঙ্কা প্রমুখ।
