মীর সাব্বিরের স্ট্যাটাস নিয়ে অবশেষে মুখ খুললেন ইশরাত পায়েল

কয়েক দিন আগে শেষ হয়েছে বিবাহিত নারীদের প্রতিভা ও মেধা বিকাশের লক্ষ্যে আয়োজিত প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ-২০২২’। তবে শেষ ধাপে তৈরি হয়েছে বিতর্ক।

এই বিতর্কে জড়িয়েছেন জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির। তার বিরুদ্ধে নারীর পোশাক নিয়ে বুলিংয়ের অভিযোগ এনেছেন অনুষ্ঠানটির উপস্থাপক ইশরাত পায়েল।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় ওঠে। এরপর ভিডিও মাধ্যমেও পায়েল অভিনেতা মীর সাব্বিরকে নিয়ে একই অভিযোগ করেন। পাশাপাশি এমন গুরুত্বপূর্ণ মঞ্চে এরকম মন্তব্যের জন্য মীর সাব্বিরকে ক্ষমা চাওয়ার অনুরোধ জানান।

এ অভিযোগের প্রেক্ষিতে গত বুধবার (১৬ নভেম্বর) নিজের সেই মন্তব্যের বিষয়টি স্পষ্ট করেন মীর সাব্বির। তার ভাষ্য, ‘এক দেশের গালি, আরেক দেশের বুলি।’ এ কথা বলার পেছনে অভিনেতার কোনো উদ্দেশ্য ছিল না। উপস্থাপিকা তার শব্দের মানে বুঝতে পারেননি।

এক স্ট্যাটাসে জানান, একটা ছোট্ট বিষয়কে হঠাৎ করে বড় করার চেষ্টা করা হয়েছে। আমি যেটা বলেছি সেটা তাৎক্ষণিক এবং এর পেছনে কোনো উদ্দেশ্য ছিল না। কাউকে হেয় করার জন্য কিছু বলি নাই।

তিনি আরও জানান, উপস্থাপিকা যে আমার ছোট বোনের মতো। সে যদি কষ্ট পেয়ে থাকে তাহলে আমি দুঃখ প্রকাশ করতেই পারি। সেটা নিয়ে এভাবে ফেসবুক কিংবা বিভিন্ন মাধ্যমে বক্তৃতা দিয়ে ছড়ানোর কিছু নাই। আমাকে বললেই পারত, দাদা-ভাই কিংবা ভাইয়া আপনাকে আমি রেসপেক্ট করি। আপনার কথায় আমি কষ্ট পেয়েছি। আমি তখন হয়তো বলতাম, সরি তুমি কষ্ট পেও না। আমি তোমাকে কষ্ট দেয়ার জন্য কথাটা বলিনি। কারণ তুমি আমার শব্দের মানে বুঝতে পারোনি। বিষয়টা শেষ হয়ে যেত।

এদিকে মীর সাব্বির তার মন্তব্যের জন্য অনুতপ্ত নয়, বরং স্ট্যাটাসটির মাধ্যমে দল ভারি করতে চাচ্ছেন বলে মন্তব্য করেছেন ইশরাত পায়েল।

একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, মিসেস ইউনিভার্সের যারা আয়োজক ছিল তারা আমাকে কল করে দুঃখপ্রকাশ করেছেন। বলেছেন মীর সাব্বির ভাই যাতে সরি বলেন এ বিষয়ে তারা কথা বলেছেন। তার আমাকে কল দেওয়ার কথা ছিল। কিন্তু উনি কল না করে ডিপ্লোমেটিক ওয়েতে যদি আমি বলতাম, সরি আমি বলতে পারতাম, সরি আমি বলতাম, যদি কষ্ট পাও সরি আমি বলতেই পারি, এসব কথা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন। এটা তো কোনো কথা হতে পারে না।

ইশরাত পায়েল বলেন, আপনি আসলে নিজেই সবার দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং আপনার ফ্যান ফলোয়ার বাড়ানোর জন্য, আপনার দল ভারি করার জন্য একটা মন্তব্য সোশ্যাল মিডিয়াতে করেছেন। আপনি যদি সরি বলতেই পারতেন, তাহলে ফোন দিয়ে আমাকে বলতেন। আপনি তো সেটি বলেননি।

মীর সাব্বিরকে উদ্দেশ্যে করে এই উপস্থাপিকা বলেন, আমি আপনার মেয়ের বয়সের একজন। এখন এই সময়ে এসে যদি নিজের ভুল স্বীকার না করতে পারেন তাহলে আপনাদের মতো সিনিয়রদের কাছ থেকে আমরা কি শিখব।

তিনি বলেন, আমি একজন আধুনিক নারী। আমার পোশাক কি হবে, আমার কপালে টিপ থাকবে কি থাকবে না, আমার কয়জন ছেলেবন্ধু আছে কি নেই এটা তো আমি এবং ঘরের লোকের মাথা ঘামানোর কথা। পরে মাথা না ঘামালেও চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *