আরব আমিরাতের বিপক্ষে আজ রাতে মাঠে নামছে মেসির আর্জেন্টিনা

কাতারের ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র ৪ দিন। বিশ্ব আসরের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি ঝালিয়ে নিতে গত কয়েকদিন ধরে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে আর্জেন্টিনা ফুটবল দল। প্রস্তুতি শেষে এবার প্রমাণ করার পালা। সেই পর্বের প্রথম ধাপ হিসেবে আজ রাতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

আবুধাবির মাঠে লিওনেল মেসিদের ম্যাচ নিয়ে আগ্রহের কমতি নেই দর্শকদের। তাই তো টিকিট ছাড়ার ২৪ ঘণ্টার মধ্যেই বিক্রি হয়ে গেছে ম্যাচের সব টিকিট।

মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় শুরু হবে ম্যাচটি। খেলাটি দুবাই স্পোর্টসে দেখতে পারবেন আর্জেন্টাইন ভক্তরা।

এবারের বিশ্বকাপে আত্মবিশ্বাসটা বেশ তুঙ্গে লিওনেল মেসিদের। কারণ গত তিন বছরে তো হারের মুখই দেখেনি লিওনেল স্কালোনির দল। ডি-মারিয়া, দিবালার ইনজুরি নিয়ে দুশ্চিন্তা থাকলেও অধিকাংশ খেলোয়াড়ই আছেন দারুণ ছন্দে। দলের শীর্ষ তারকা মেসিও ফিরেছেন গোড়ালির ইনজুরি সেরে। গত সোমবার আমিরাতে দলের সঙ্গে যোগ দেন ৮ বারের ব্যালন ডি অর জয়ী এ তারকা।

এদিকে ফেবারিট তকমা লাগিয়ে নিজেদের ওপরে বাড়তি চাপ তৈরি করতে রাজি নন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তিনি বলেছেন, ‘আমরা কোনো প্রতিশ্রুতি দিতে পারব না। কারণ এটি ফুটবল। কী ঘটবে সেটি ফুটবলে আগে থেকে বলে দেওয়া কঠিন। এটি সুন্দর খেলা, কিন্তু মাঝে মাঝে ভীষণ পরিবর্তনশীল। আমাদের খেলোয়াড়েরা ভালো অবস্থানে রয়েছে। আর কিছুটা ভাগ্যও সঙ্গে থাকলে আমরা ভালো কিছু করতে পারব।’

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা রয়েছে ‘সি’ গ্রুপে। আগামী ২২ নভেম্বর বিকেল ৪টায় সৌদি আরবের বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসির দল। এছাড়া ২৭ নভেম্বর রাত ১টায় মেক্সিকো এবং ১ ডিসেম্বর একই সময়ে পোল্যান্ডের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *