বিএনপির সমাবেশ শেষ হতেই ফরিদপুরে বাস চলাচল শুরু

ফরিদপুরে বিএনপির সমাবেশ শেষ হওয়ার পরপরই বাস চলাচল শুরু হয়েছে। শনিবার বিকেল ৫টায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ শেষ হয়। এর পরপরই ঘুরতে শুরু করে বাসের চাকা। অভ্যন্তরীণ রুটসহ দূরপাল্লার সকল বাসই সচল হয় বিএনপির সমাবেশের পর।

ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক মোদাররেস আলী ইছা গণমাধ্যমকে বলেন, আমাদের সমাবেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাস চলাচল শুরু হয়েছে। এতে প্রমাণিত হয়, বিএনপির গণসমাবেশকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে এই ধর্মঘট।

ফরিদপুর জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি জোবায়ের জাকির জানান, যাত্রীদের ভোগান্তির কথা মাথায় রেখে নির্ধারিত সময়ের আগেই বাস ধর্মঘট তুলে নেয়া হয়েছে।

জানা গেছে, গত বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল ৯টা থেকে জেলা বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে শহরে মাইকিং করা হয়। মাইকিংয়ে বলা হয়, মহাসড়কে সকল প্রকার অবৈধ ত্রি-হুইলার (নছিমন, করিমন, ভটভটি, মাহিন্দ্র, ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক ও ভাড়ায় চালিত মোটরসাইকেল) চলাচল বন্ধের দাবিতে শুক্রবার (১১ নভেম্বর) সকাল ৬টা থেকে শনিবার (১২ নভেম্বর) রাত ৮টা পর্যন্ত ফরিদপুরের সকল পথে বাস ও মিনিবাস বন্ধ থাকবে।

সে হিসেবে ৩৮ ঘণ্টার এ ধর্মঘটের ৩ ঘণ্টা বাকি রেখেই ৩৫ ঘণ্টা পর বাস চলাচল শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *