ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশ হত্যা মামলায় তার বান্ধবী ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ছাত্রী আমাতুল্লাহ বুশরাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর মতিঝিল জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বিষয়টি জানিয়েছেন।
হায়াতুল ইসলাম খান বলেন, বুধবার রাতে রামপুরার বাসা থেকে বুশরাকে গ্রেপ্তার করা হয়। মামলায় আসামি হওয়ায় তাকে আমরা গ্রেপ্তার করেছি।
এর আগে ফারদিন হত্যার ঘটনায় মামলা হয়েছে। ফারদিনের বাবা নুর উদ্দিন রানা বাদি হয়ে রামপুরা থানায় মামলা করেন।
বৃহস্পতিবার সকালে রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, বুধবার রাতে এ ঘটনায় একটি হত্যা মামলা করা হয়েছে। মামলায় নিহতের বান্ধবী ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বুশরাসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। তদন্তের পর ঘটনার কারণ ও আসামিদের আইনের আওতায় আনা হবে।
বুয়েটের পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী পরশ গত শনিবার (৫ নভেম্বর) থেকে নিখোঁজ ছিলেন। ওইদিনই রাজধানীর রামপুরা থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা সাংবাদিক কাজী নূর উদ্দিন।
নিখোঁজের দুদিন পর গত সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিন নূর পরশের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ।
ময়নাতদন্ত শেষে পরদিন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শেখ ফরহাদ জানান, ফারদিনকে হত্যা করা হয়েছে।
তিনি বলেন, ফারদিনের মাথায় ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন আছে। তার বুকের ভেতরেও আঘাতের চিহ্ন আছে। এটি অবশ্যই হত্যাকাণ্ড, পানিতে ডুবে মৃত্যু না।





