বাসে আগুনের ঘটনায় বিএনপি নেতাকর্মীদের নামে ৯ মামলা, আটক ২০

নজর২৪, ঢাকা- রাজধানীর বিভিন্ন এলাকায় গতকাল বৃহস্পতিবার বাসে আগুন দেওয়ার ঘটনায় ৯টি মামলা হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে ৪৪৬ জনকে। আটক করা হয়েছে ২০ জনকে। আসামিদের বেশির ভাগ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী।

 

মতিঝিল থানায় করা মামলায় আসামিদের মধ্যে ঢাকা-৬ আসনের নির্বাচনে বিএনপির পরাজিত প্রার্থী ইশরাক হোসেন রয়েছেন। মামলার এজাহারে জানা যায়, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাগুলো করা হয়েছে।

 

এসব মামলায় অজ্ঞাতনামা আসামিও রয়েছেন। পুলিশ বাদী হয়ে মামলাগুলো করেছে।

 

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার ওয়ালিদ হোসেন জানান, মতিঝিলে ২টি, শাহবাগে ২টি, পল্টনে ২টি এবং বংশাল, ভাটারায় ও কলাবাগানে একটি করে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার এসব মামলা হয়।

 

নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে বিএনপি নেতাকর্মীরা সকালে নয়া পল্টনে মিছিল বের করার কিছু সময় পর বেলা ১২টার দিকে বাস পোড়ানোর প্রথম ঘটনাটি ঘটে। বিএনপি অফিসের বিপরিতে আল আরাফাহ ইসলামী ব্যাংকের সামনে দাঁড় করিয়ে রাখা আয়কর বিভাগের একটি স্টাফ বাস পুড়িয়ে দেওয়া হয়।

 

এরপর রাত ৮টা পর্যন্ত মতিঝিল, গুলিস্থান, শাহবাগ, সচিবালয়ের ৫ নম্বর গেইট, পুরান ঢাকার নয়াবাজার, পল্টন, ভাটারা এবং উত্তরার আজমপুরে মোট দশটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

 

ফায়ার সার্ভিস জানিয়েছেন, খবর পেয়ে তাদের কর্মীরা গিয়ে আগুন নিভিয়েছেন, কেউ হতাহত হননি।

 

উপ নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য ‘একটি গোষ্ঠী’ এই নাশকতা ঘটিয়েছে মন্তব্য করে ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) ওয়ালিদ হোসেন বৃহস্পতিবার বলেছিলেন, “কয়েকটি জায়গায় যাত্রী বেশে বাসে উঠে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আমরা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি। এর সাথে সরাসরি কারা জড়িত, কারা পরোক্ষভাবে এই নাশকতার কাজে মদদ দিয়েছে, তাদের ব্যাপারে তদন্ত চলছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *