নজর২৪, ঢাকা: ঢাকা-১৮ আসনে উপ নির্বাচন চলার মধ্যেই সারা দিনে নয়টি বাসে আগুন দেওয়ার পর রাতে আরও একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
রাত পৌনে ৮টার দিকে উত্তরার আজমপুরে যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৪টার মধ্যে নয়াপল্টনে, গুলিস্তান, আজিজ সুপার মার্কেটের সামনে, সচিবালয়ের উত্তর পাশে, পুরান ঢাকার নয়াবাজারে, পল্টন, মতিঝিল ও ভাটারায় নয়টি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রাতে আজমপুরে আগুন দেওয়ার ঘটনা নিয়ে ১০টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটল।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. ওয়ালিদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, আজমপুরে বাসে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। এ ছাড়া দুপুরে পুরান ঢাকার নয়াবাজারে যাত্রীবাহী দিশারী পরিবহনের বাসে আগুন দেওয়ার ঘটনায় জড়িত সন্দেহে রাতে দুজনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে সারা দিনে ১০টি বাসে অগ্নিসংযোগের ঘটনায় মোট ১২ জনকে আটকের তথ্য জানিয়েছে পুলিশ।
আগুনে পুড়ে যাওয়া বাসের মধ্যে তিনটি সরকারি। পুলিশের তথ্য অনুযায়ী, দুপুর ১২টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের উত্তর পাশে পার্ক করে রাখা একটি সরকারি বাসে প্রথম আগুন দেওয়া হয়। সবশেষ বিকেল সাড়ে চারটায় ভাটারা এলাকায় আরেকটি বাসে কে বা কারা আগুন ধরিয়ে দেয়।
ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) ওয়ালিদ হোসেন বলেন, “কয়েকটি জায়গায় যাত্রী বেশে বাসে উঠে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আমরা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি। এর সাথে সরাসরি কারা জড়িত, কারা পরোক্ষভাবে এই নাশকতার কাজে মদদ দিয়েছে, তাদের ব্যাপারে তদন্ত চলছে।”
উপ নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য ‘একটি গোষ্ঠী’ এই নাশকতা ঘটিয়েছে মন্তব্য করে তিনি বলেন, “আমরা এ ধরনের নাশকতাকারীদের ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছি। তাদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।”
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১, ১৭, ৪৩ থেকে ৫৪ নম্বর ওয়ার্ড এবং বিমানবন্দর এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৮ আসনে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোট চলাকালে উত্তরার মালেকা বানু আদর্শ বিদ্যানিকেতন স্কুল কেন্দ্রের বাইরে বোমাবাজির পর তিনজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।
