নেইমার-মার্কিনিয়োসদের কাছে পাত্তাই পেল না ঘানা

বিশ্বকাপের আগেই পায়ের জাদু দেখিয়েছেন নেইমার-মার্কিনিয়োসরা। একের পর এক আক্রমণে ঘানার বিপক্ষে দাপুটে জয় পেল ব্রাজিল।

শুক্রবার রাতে ফ্রান্সের স্তাদে ওসেয়ানে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ঘানাকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। ম্যাচে জোড়া গোল পেয়েছেন রিচার্লিসন। অপর গোলটি করেছেন পিএসজি ডিফেন্ডার মার্কিনিয়োস। দুটি গোলের যোগানদাতা নেইমার।

কোপা আমেরিকার ফাইনালের পর এই নিয়ে ১৪ ম্যাচে অপরাজিত রইল ব্রাজিল। এর মধ্যে তাদের জয় ১১টি, ড্র তিনটি।

গতকাল রাতে ম্যাচের নবম মিনিটেই লিড পেয়ে যায় ব্রাজিল। রাফিনিয়ার কর্নারে অনেকটা লাফিয়ে উঠে হেড দিয়ে দলকে এগিয়ে নেন মার্কিনিয়োস।

২৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রিশার্লিসন। নেইমারের পাস পেয়ে ডি-বক্সে পেয়ে ডান পায়ের শটে স্কোরলাইন ২-০ করেন টটেনহ্যাম হটস্পারের ফরোয়ার্ড।

এরপর বিরতিতে যাওয়ার আগেই আরেকটি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ ব্রাজিলের হাতে এনে দেন রিশার্লিসন। ৪০তম মিনিটে দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। এটিতেও অবদান ছিল নেইমারের। পিএসজি তারকার ফ্রি-কিকে হেড দিয়ে গোলটি করেন রিশার্লিসন।

ম্যাচের বাকি সময় রক্ষণ ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

কাতার বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি সারতে ম্যাচ দুটি খেলছে ব্রাজিল। নিজেদের শেষ প্রীতি ম্যাচে আগামী মঙ্গলবার প্যারিসে তিউনিসিয়ার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *