বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ: আটক ১০

নজর২৪, ঢাকা- রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ। হঠাৎ রাজধানীতে কয়েকটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনার পর বৃহস্পতিবার দুপুরে পুলিশ ঘেরাও করে।

 

এ সময় কার্যালয়ের সামনে থেকে বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুককে গ্রেফতার করে পুলিশ। পরে ওই কার্যালয়ের সামনে ও ভেতর থেকে আরও ৯ নেতাকর্মীকে আটক করেছে।

 

এ বিষয়ে জানতে চাইলে মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) জাহিদুল ইসলাম জাহিদ বলেন, ‘বাসে আগুন দেওয়ার ঘটনায় কয়েকজন সন্দেহভাজনকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আটককৃতদের যাচাই-বাছাই করা হচ্ছে। কেউ অপরাধী না হলে তাকে ছেড়ে দেওয়া হবে।’

 

এদিকে, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও তার স্ত্রী বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানার বাসায় অভিযান চালিয়েছে র‌্যাব। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর খিলগাঁও চৌধুরী পাড়ায় অবস্থিত খোকন-শিরিনের বাসায় এ অভিযান চালানো হয়।

 

আজ ঢাকার একটি আসনে উপ নির্বাচন চলার মধ্যে কয়েক ঘন্টার ব্যবধানে রাজধানীর বিভিন্ন স্থানে অন্তত ৭টি বাসে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। তবে এতে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

 

এদিকে বাসে আগুন দেওয়ার ঘটনার পর পুলিশ নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিলে নেতা-কর্মীরা অলি-গলিতে সরে যান। এরপর পুলিশ রাস্তার ওপর লাইন ধরে দাঁড়িয়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে। প্রস্তুত রাখা হয়েছে সাঁজোয়া যান ও জলকামানের গাড়ি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *