বনানীতে বিএনপির কর্মসূচিতে হামলায় তাবিথ আউয়াল আহত

রাজধানীতে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচিতে হামলা চালিয়েছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাতে গুরুতর আহত হয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য তাবিথ আউয়াল।

স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালসহ আরও অনেকেই আহত হয়েছেন এ সময়। এরমধ্যে সেলিমা রহমান ও মোয়াজ্জেম হোসেন আলাল ওষুধের দোকান থেকে চিকিৎসা নিয়ে বাসায় পৌঁছেছেন।

আর তাবিথ আউয়ালকে রাজধানীর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাকে দেখতে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

হামলায় তাবিথ আউয়াল মাথায় আঘাত পেয়েছেন বলে তাঁর ব্যক্তিগত সহকারী নাজমুল হুদা জানিয়েছেন। তিনি বলেন, আওয়ামী লীগের নেতা–কর্মীদের হামলায় আহত তাবিথ আউয়ালকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং পুলিশের গুলিতে দলের তিন কর্মী নিহতের প্রতিবাদে বনানীতে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি। বনানীর কাকলী থেকে গুলশান-২ নম্বর গোলচক্কর পর্যন্ত শনিবার সন্ধ্যা সাতটা থেকে রাত আটটা পর্যন্ত এই কর্মসূচি হওয়ার কথা ছিল। কিন্তু এর এক ঘণ্টার বেশি সময় আগে রাস্তায় জড়ো হন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা–কর্মীরা।

এর মধ্যে সন্ধ্যা সাতটার দিকে কামাল আতাতুর্ক অ্যাভিনিউর একপাশে মোমবাতি হাতে সারিবদ্ধভাবে দাঁড়ান বিএনপির নেতা–কর্মীরা। তখন রাস্তার উল্টো দিকে আওয়ামী লীগের নেতা–কর্মীরা স্লোগান দিচ্ছিলেন।

বিএনপির মোমবাতি প্রজ্বালন কর্মসূচি চলাকালে বক্তব্য দিচ্ছিলেন দলের জ্যেষ্ঠ নেতারা। রাত পৌনে আটটার দিকে কর্মসূচির প্রধান অতিথি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বক্তব্য শেষ করার পরপরই ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন আওয়ামী লীগের নেতা–কর্মীরা।

এ সময় বিএনপির নেতা–কর্মীরা প্রথমে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতা–কর্মী লাঠিসোঁটা নিয়ে একযোগে হামলা করলে সবাই বনানী কে ব্লকের ২৬ নম্বর রোড দিয়ে সরে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *