এই দেশে যোগ্য লোকের মূল্যায়ন হয় না, হবেও না: রিয়াদের স্ত্রী

দেশের ক্রিকেটে কয়েকদিন ধরেই আলোচনার শীর্ষে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তাকে বিশ্বকাপ দলে রাখা হবে কি হবে না- তা নিয়েই হয়েছে যত আলোচনা। শেষ পর্যন্ত রিয়াদকে ছাড়াই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

দল থেকে বাদ পড়ার পর বাংলাদেশের টি-টোয়েন্টি দলের সাবেক এ অধিনায়কের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে নিজেকে সামাল দিতে পারেননি রিয়াদের স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের চাপা ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।

মিষ্টির মতে, বাংলাদেশে সবসময়ই যোগ্য লোকদের অবমূল্যায়ন করা হয়। এবারও তা হয়েছে। সরাসরি কারও নাম উল্লেখ না করে, ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাসে নিজের ফেসবুক প্রোফাইলে মিষ্টি লিখেছেন, ‘এই দেশে যোগ্য লোকের যোগ্যতার মূল্যায়ন হয় না, হবেও না!………………’

ওই স্ট্যাটাসের কমেন্টে ক্রিকেটার রিয়াদের ভায়রা ভাই জাতীয় ক্রিকেটার মুশফিকুর রহিমের স্ত্রীও প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, ‘আরে নাহ! তাদের দলে এখন অনেক হার্ড হিটার রয়েছে। বলে বলে ছয় আর ছয়।’

এটা অবশ্য অনেকেরই জানা- রিয়াদ আর মুশফিকের স্ত্রী সম্পর্কে বোন। কিছুদিন আগেই মুশফিক অবসর নিয়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে। এবার মনে হচ্ছে রিয়াদের পালা!

এর আগে মাহমুদউল্লাহ রিয়াদের বাদ পড়া প্রসঙ্গে মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘মাহমুদউল্লাহর প্রতি শ্রদ্ধা রেখে বলছি, সে আমাদের অনেক ভালো ভালো খেলা উপহার দিয়েছে। আমাদের বর্তমান যে টেকনিক্যাল কনসালট্যান্ট, তিনি এক বছরের যে পরিকল্পনা আমাদের দিয়েছেন, সেটা মাথায় রেখে আমরা এগোচ্ছি। সেই অনুযায়ী টিম ম্যানেজমেন্টের সবার সঙ্গে আলোচনা করে সকলের সম্মতিতে মাহমুদউল্লাহকে বাইরে রাখা হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *