নজর২৪ ডেস্ক- আগামী রবিবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলন (কাউন্সিল)। হেফাজতের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
হেফাজতের সদর দপ্তর হিসেবে পরিচিতি দারুল উলুম হাটহাজারী মাদ্রাসায় হেফাজতের এ কাউন্সিল হবে বলেও জানা গেছে। হেফাজতের প্রায় সাড়ে ৩’শ জন কেন্দ্রীয় শীর্ষ মুরুব্বিদের উপস্থিতিতে ঠিক করা হবে কে সদ্য ইন্তেকাল করা হেফাজতের প্রতিষ্ঠাতা আমীর ও বাংলাদেশের সর্বপ্রভাবের আলেম আল্লামা শাহ্ আহমদ শফির স্থলভিষিক্ত হবেন।
তবে আমীর হিসেবে আল্লামা জুনায়েদ বাবুনগরীর নাম এবং মহাসচিব হিসেবে ঢাকার একজন প্রবীণ আলেমের নাম চর্চায় রয়েছে। যদিও ৩ অক্টোবর ঢাকায় হেফাজতের গণসমাবেশের পর অনেক হিসাব পাল্টে গেছে বলেও অনেকের ধারণা। তাছাড়া হেফাজত নেতৃত্ব নিয়ে ঢাকা ও চট্টগ্রামকেন্দ্রীক একটা বিভাজনও রয়েছে।
এসব নিয়ে ইতোমধ্যে কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে হেফাজত নেতাদের মধ্যে বিভিন্ন ধরণের তোড়জোড় শুরু হয়েছে বলেও জানিয়েছেন অনেকে। শোনা যাচ্ছে বিভিন্ন গুঞ্জনও।
হেফাজত ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির ও দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার সাবেক মহাপরিচালক শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. চলতি বছরের ১৮ সেপ্টেম্বর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃ.ত্যুবরণ করেন।
তারপর থেকে হেফাজতের আমিরের পদটি শূণ্য রয়েছে। মূলত এরপর থেকেই হেফাজত প্রতিষ্ঠার ৮ বছরের মাথায় এসে কাউন্সিলের আলোচনা শুরু হয়।
এদিকে আগামী রবিবার হেফাজতের কেন্দ্রীয় সম্মেলন (কাউন্সিল) উপলক্ষে সারাদেশ থেকে কওমি অঙ্গের শীর্ষ আলেমরা কাউন্সিলে উপস্থিত থাকার কথা রয়েছে।
