নজর২৪ ডেস্ক- ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রাণিবিদ্যা বিভাগের (বহিষ্কৃত) ছাত্রী তিথী সরকারকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিআইডির এএসপি (মিডিয়া) জিসানুল হক।
এএসপি জিসানুল হক বলেন, ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি কয়েকদিন থেকে নিখোঁজ ছিলেন। এসব বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
প্রসঙ্গত, তিথী সরকার দীর্ঘদিন ধরে ফেসবুকে বিভিন্ন পোস্ট ও মন্তব্যের মাধ্যমে ইসলাম ধর্ম নিয়ে ‘কূরুচিপূর্ণ’ মন্তব্য করে আসছিলেন। সেসব পোস্ট ও মন্তব্যের স্ক্রিনশর্ট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফেসবুক গ্রুপে ভাইরাল হলে সমালোচনা শুরু হয়। এরপর দাবির মুখে তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে কর্তৃপক্ষ।
পরে গত ২৫ অক্টোবর সকালে পল্লবী থানায় যাওয়ার উদ্দেশে বের হন ছাত্রী। কিন্তু থানা থেকে জানানো হয়, সে থানায় পৌঁছেনি। তার সঙ্গে থাকা মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। প্রথমদিকে পরিবারের সদস্যরা ভেবেছিলেন, বন্ধু বা আত্মীয়ের বাসায় যেতে পারেন। এরপরও ফিরে না আসায় ২৭ অক্টোবর হারিয়ে যাওয়া বিষয়ে একটি মিসিং ডায়েরি করে পরিবার।
