স্পোর্টস আপডেট ডেস্ক- এক বছর মাঠে ছিলেন না। পরিবারের সঙ্গে কাটিয়েছেন ছুটির আমেজে। শেষ দিকে দিন কয়েক অনুশীলন করেছিলেন; তাও মাঝপথে আবার চলে গিয়েছিলেন। এতদিন ক্রিকেটের বাইরে থাকার পরও সেই সাকিব আল হাসান ফিটনেসে পরীক্ষায় পেছনে ফেলে দিয়েছেন সবাইকে। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট উপলক্ষে করা ফিটনেস টেস্টে অবাক করা পয়েন্ট পেয়েছেন তিনি। সর্বোচ্চ স্কোর ১৩.৭ বিশ্বসেরা এই অলরাউন্ডারের।
সাকিবের ফিটনেস টেস্ট দেওয়ার কথা ছিল গত সোমবার। কিন্তু ওইদিন অধিক সংখ্যক ক্রিকেটার টেস্ট দেওয়াতে গণজমায়েত এড়ানোর জন্য টেস্ট দেননি বাংলাদেশের পোস্টার বয়। এই দুইদিন ছিলেন জাতীয় দলের ফিজিক্যাল ট্রেইনার তুষার কান্তির তত্ত্বাবধানে। আজ বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ফিটনেস টেস্ট দিয়েই তিনি যে সেরা এটা আবারও প্রমাণ করলেন।
এর আগে সর্বোচ্চ স্কোর ১৩.৪। প্রথমদিন এই সর্বোচ্চ স্কোর গড়েন নিহাদুজ্জামান। একই দিন ব্যাটসম্যান রবিউল ইসলাম রবি তোলেন ১৩। গতকাল দ্বিতীয় দিন বিপ টেস্টে পেসার মেহেদী হাসান তোলেন ১৩.৬। এ ছাড়া আশরাফুল-রাজ্জাকরাও পাস করে যান। পাস করতে পারেননি নাসির হোসেন-সোহাগ গাজীরা।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাকিব নিষেধাজ্ঞা পেয়েছিলেন ২০১৯ সালের ২৯ অক্টোবরে। এরপর থেকেই মাঠে অনুপস্থিত ছিলেন তিনি। সম্প্রতি শেষ হয়েছে সাকিবের ওপর আইসিসির নিষেধাজ্ঞার মেয়াদ।
এই অলরাউন্ডার জানান, প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার অপেক্ষায় রয়েছেন তিনি। সর্বশেষ ২০১৯ সালের অক্টোবরে ক্যারিবীয় প্রিমিয়ার লীগে খেলেছিলেন সাকিব।
আগামী বছরের শুরুর দিকে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে ওয়েস্ট ইন্ডিজ। ওই সিরিজে অংশ নেয়ার মধ্যদিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন সাকিব আল হাসান
