Home প্রধান খবর গ্রাহকদের টাকা ফেরত দিয়ে ফের ব্যবসা করতে চায় ইভ্যালি

গ্রাহকদের টাকা ফেরত দিয়ে ফের ব্যবসা করতে চায় ইভ্যালি

0
82

গ্রাহকদের টাকা ফেরত দিয়ে ফের ব্যবসা পরিচালনা করতে হাইকোর্টে আপিল করেছেন আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন। বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলমের বেঞ্চে এ আপিল করা হয়েছে।

আবেদনে শামীমা নাসরিন জানিয়েছেন, বিনিয়োগকারী পেয়েছে ইভ্যালি এবং তারা নিজেদের ব্যবসা পরিচালনা করতে চান।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে তার আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম বলেন, ইভ্যালি গ্রাহক ও বিক্রেতাদের টাকা পরিশোধ করে পুনরায় ব্যবসা শুরু করতে চায়।

তিনি জানান, এ বিষয়ে আজ শুনানি হলেও আদালত কোনো আদেশ দেননি।

প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে গত বছরের ১৫ সেপ্টেম্বর আরিফ বাকের নামের এক গ্রাহক গুলশান থানায় ইভ্যালির মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে মামলা করেন। পরদিন বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডের বাসা থেকে তাদের গ্রেপ্তার করে র‍্যাব।

গত ২১ এপ্রিল চেক প্রতারণার ৯ মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেলকে জামিন দেন আদালত। ওই দিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন পান তিনি। তবে তার বিরুদ্ধে আরও মামলা থাকায় কারামুক্ত হতে পারেননি রাসেল। শামীমা নাসরিন বর্তমানে জামিনে রয়েছেন।

উল্লেখ্য, চটকদার বিজ্ঞাপন এবং নানান প্রলোভন দিয়ে কম সময়ে আলোচনায় এসেছিল ইভ্যালি। তবে লেনদেনে ঝুঁকি তৈরি হওয়ায় প্রতিষ্ঠানটির কর্মকাণ্ড বন্ধ করে দেয় সরকার। বিষয়টি তদন্তে হাইকোর্ট ইভ্যালি বোর্ড গঠন করেন। অডিট টিমের অনুসন্ধানে ইভ্যালির সম্পদ ও ব্যাংকে থাকা অর্থের তথ্য পাওয়া গেলেও এগুলো গ্রাহকের বিশাল চাহিদার বিপরীতে খুবই সামান্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here